ভোটে এসে সহযোগিতা করুন ইসিকে: ইনু
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপিকে পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নিয়ে নবগঠিত নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নতুন নির্বাচন কমিশন নিয়োগের পরদিন মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে এই আহ্বান জানান তিনি।
নতুন ইসি নিয়ে বিএনপি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও দলটির বিভিন্ন নেতা হতাশা প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতির নিয়োগ করা এই ইসি নিয়ে প্রশ্ন না তুলতে বিএনপিকে পরামর্শ দেন জাসদ সভাপতি ইনু।
“যারা নিয়োগ পেয়েছেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিতর্কিত কেউ এখানে নিয়োগ পাননি। সবাই স্বনামধন্য কর্মকর্তা ছিলেন।”
তবে তারা ৫ বছর কীভাবে নির্বাচন পরিচালনা করবেন, সেটা দেখার বিষয় রয়েছে বলে মন্তব্য করেন জাসদ সভাপতি।
এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকার গুরুত্বও তুলে ধরেন তিনি।
“নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে আইন কানুন, সংবিধান, কমিশন যাই থাকুক না কেন, যে দলগুলো নির্বাচন করবে, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি সচেতন হন, তাহলে নির্বাচনকে ভালভাবে করতে তারাই ব্যবস্থা করতে পারেন।”
ইনু আশা প্রকাশ করেন, নতুন কমিশনের অধীনে আগামী নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেবে।
“নির্বাচন যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচনকে বস্তুনিষ্ঠ করতে কমিশনকে সাহায্য করবেন।”
ইসির কোনো কাজে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানান তথ্যমন্ত্রী।
“নির্বাচন কমিশন সকল ক্ষমতার মালিক। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ভোটের সময়) যদি কোনো নির্দেশ প্রদান করেন, সেটাও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে করতে হবে। কোন কর্মকর্তা কোথায় থাকবে, কে কোথায় বদলি হবে, কোন কেন্দ্র স্থগিত করে দেওয়া হবে- সেটা আগের মতো বাইরে আর নাই। এটা কমিশনের এখতিয়ারভূক্ত॥”
বিদায়ী ইসি নিয়ে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় ইনু বলেন, “তারা একটায় অংশগ্রহণ করছেন, আরেকটাতে বর্জন করছেন। যুক্তির বিচারে কমিশন খারাপ হলে তারা সব নির্বাচন বর্জন করলেন না কেন?
“বর্জন করলে নির্বাচন কমিশন খারাপ হয়ে গেল, এই যুক্তিটা আমি গ্রহণযোগ্য মনে করি না। বর্জনকারী রাজনৈতিক দল অনেক নির্বাচন করেছে, অনেক নির্বাচনে তারা বিজয়ীও হয়েছে।”
নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’র যে দাবি বিএনপি করছে, তা ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দেন মন্ত্রী।
“তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ফলাফলও উনি (খালেদা) দুই বার মানেননি। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার থাকলেই নির্বাচন নিরপেক্ষ হবে, তা বিএনপির যুক্তিতে আর আসে না। সুতরাং নির্বাচন নিরপেক্ষ হলেও পরাজিত হলে উনি মানেন না।”
