বিভাগীয় পর্যায়ে বিআরডিবি কার্যালয় খুলতে বিল পাস
বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয় স্থাপনের বিধান রেখে ১৯৮৬ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৭’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
গত বছরের ২৮ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলার পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
বিদ্যমান আইনে বিআরডিবির কেন্দ্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে অফিস প্রতিষ্ঠার বিধান রয়েছে। নতুন আইনে বিভাগীয় পর্যায়ে অফিস স্থাপনের বিধান যুক্ত করা হয়েছে।
ফাইল ছবি
বর্তমানে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। নতুন আইনে মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিধান রাখা হয়েছে।
আইন প্রনয়নের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী খন্দকার মোশাররফ সংসদে বলেন, “দেশের আর্থ-সামজিক উন্নয়নে অধিকতর কার্যকর ভূমিকা রাখা এবং একাডেমির আইনি কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বিলটি প্রণয়ন করা সমীচীন।”
