এমপি হিসেবে শপথ নিলেন হাছান ইমাম
টাঙ্গাইল-৪ আসনে উপ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মাদ হাছান ইমাম খাঁন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে হাছান ইমামকে শপথ পড়ান।
সংসদ সচিব আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।
পরে বিকাল সাড়ে ৪টায় সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন সংসদ সদস্যকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপনির্বাচনে গত ৩১ জানুয়ারি হাছান ইমাম জয়ী হন।
হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করার পর মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী।
নির্বাচনী তফসিল ঘোষণার পর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীও মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণ খেলাপের কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।
