ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত হয়েছেন।
আহত মনিরুজ্জামান মাসুদ (৩৪) এ বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মাসুদ মোটর সাইকেল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
এসময় দুইটি মোটর সাইকেলযোগে চার যুবক মাসুদের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মাসুদ বাধা দেন। পরে যুবকরা তাকে গুলি করে পালিয়ে যায়।
ওসি বলেন, “গুলি মাসুদের বাম পকেটে থাকা মোবাইলে লাগে। তারপরও তার উরু জখম হয়েছে।”
মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্বৃত্তদের ধরার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, “খোঁজ নিয়ে জানতে পেরেছি দুটি মোটরসাইকেল করে চার যুবক একজনের ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করেছিল।
“ব্যাগ না নিতে পেরে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”
মাসুদ জানিয়েছেন, তিনি পর্যটন ব্যবসায় জড়িত। বাসা পশ্চিম পান্থপথে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিষয়ে।
