২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ আমদানির গাড়িতে রাজস্ব ফাঁকি, গ্রেপ্তার ১

‘অবৈধভাবে গাড়ি আমদানির’ মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 10:17 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

গ্রেপ্তার মোরশেদ আলম বেলাল রাজস্ব ফাঁকির অভিযোগের ওই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়।

সোমবার সিলেটের বাগবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য।

তিনি বলেন, লন্ডন প্রবাসী রূপা মিয়া নামে এক ব্যক্তি ২০১০ সালে কারনেট সুবিধায় লন্ডন থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে একটি লেক্সাস ব্র্যান্ডের গাড়ি এনে বেলালের কাছে ২৯ লাখ টাকায় বিক্রি করে দেন।

“এরপর বেলাল বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক এনায়েত হোসেন, পরিদর্শক কেশব কুমার ও উচ্চমান সহকারী আব্দুর রবের সহায়তায় ১৭ লাখ টাকায় গাড়িটির রেজিস্ট্রেশন করেন।”

অবৈধভাবে আমদানি গাড়ি রেজিস্ট্রেশন করায় সরকারের এক কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকার ক্ষতি করা হয়।”

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টির খবর পেয়ে বেলালের জিম্মা থেকে গাড়িটি জব্দের পর কমিশনের উপ-পরিচালক ফরিদুর রহমান বাদী হয়ে সোমবার সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

এ মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি বেলালকে গ্রেপ্তার দেখানো হয় বলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার জানান।