২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক প্রশস্তে ফ্লাইওভারের নিচের ‘মিডিয়ান’ ভাঙবেন মেয়র খোকন

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের প্রশস্ত মিডিয়ানকে ‘অবস্টাকল’ আখ্যা দিয়ে তা ভেঙে ফেলবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

ওবায়দুর মাসুম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 08:29 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

মেয়র খোকন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিডিয়ানের কারণে ফ্লাইওভারের নিচের সড়কের প্রশস্ততা কমে গেছে। এ কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

“যে কোনো কারণেই হোক… বুঝতেই পারছেন এটা শুধু শুধু করা হয়েছে। এটা কোনো স্ট্রাকচার না, এটা একটা অবস্টাকল।”

যানবাহন চলাচল বাধাগ্রস্ত করতে এই মিডিয়ান ‘উদ্দেশ‌্যপ্রণোদিতভাবে’ করা হয়েছিল বলে মনে করেন মেয়র।

মিডিয়ান ভাঙার পর যে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

“এর ফলে গুলিস্তান ও আশপাশের এলাকায় যে বাসগুলো এলোমেলো দাঁড় করিয়ে রাখা হয়, এমন অনেক বাসের জায়গা হয়ে যাবে। এটা করলে গুলিস্তান এলাকায়ও শৃঙ্খলা আসবে।”

২০১৩ সালের ১২ অক্টোবর যাত্রা শুরু করে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। যাত্রাবাড়ী থেকে চাঁনখারপুল পর্যন্ত চার লেইনের এ ফ্লাইওভারের দৈর্ঘ্য প্রায় সাড়ে ১১ কিলোমিটার। নিচে স্তম্ভগুলোর মাঝামাঝি দুপাশে দেয়াল তুলে মিডিয়ান বানানো হয়েছে।

ওই এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল, সায়েদাবাদ জনপথ মোড় থেকে টিকাটুলী মোড় পর্যন্ত দুই স্তরের মিডিয়ান রয়েছে। এ অংশে সড়কের প্রায় অর্ধেক চলে গেছে মিডিয়ানে। এখানে আট লেইনের রাস্তা চার লেইনে নেমে এসেছে।

টিকাটুলী থেকে জয়কালী মন্দির, গুলিস্তান হয়ে চানখাঁরপুল পর্যন্ত সড়কে এক স্তরের মিডিয়ান রয়েছে।

ফ্লাইওভারের নিচের মিডিয়ানগুলো স্থান ভেদে সাড়ে তিন মিটার থেকে ছয় মিটার পর্যন্ত চওড়া।

মিডিয়ানের উপর নানা অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। চানখাঁরপুল এলাকায় মিডিয়ানের উপর রাখা হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়া, বিভিন্ন দোকানের মালামাল। বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত অংশে পুরো মিডিয়ান জুড়ে খাবারের দোকান। ফুলবাড়িয়া থেকে গুলিস্তান পর্যন্ত অংশে মিডিয়ান জুড়ে বসানো হয়েছে অস্থায়ী জুতার দোকান।

মিডিয়ানের কারণে ফ্লাইওভারের নিচের সড়ক সঙ্কুচিত হয়ে পড়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিটাগাং রোড থাইকা ফ্লাইওভারের গোড়া পর্যন্ত ৮ লাইন করছে। এখন সেইখান পর্যন্ত গাড়িগুলা তাড়াতাড়ি আসে। ফ্লাইওভারের নিচে আইসা গাড়ির গতি কইমা যায়। রাস্তা চিকন হইয়া যাওয়ায় টার্মিনাল থেকে থেকে গাড়ি বাইর হওয়ার সময় জ্যাম লাইগা যায়।”

মিডিয়ানগুলো ভাঙার সব প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।

“আর্থিক ও প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য আমরা ফাইল ইতোমধ্যে কল করেছি। আগামী সপ্তাহে অনুমোদন দেওয়ার পর টেন্ডারে যাবে। টেন্ডার হওয়ার পর আগামী তিন-চার মাসের মধ্যে এ কাজটা কমপ্লিট হয়ে যাবে।”

বাংলাদেশে প্রথম সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মিত এ ফ্লাইওভার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছে ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকৌশলী মো. শাহজাহান আলী পাটোয়ারী দাবি করছেন, ফ্লাইওভারের সুরক্ষা এবং যানবাহন যেন দ্রুত গতিতে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই মিডিয়ান নির্মিত হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন নিরপেক্ষ বিদেশি ইঞ্জিনিয়ার এই ফ্লাইওভারের ডিজাইন করেছেন। তিনি আমাদের দিকেও তাকাইয়াও ডিজাইন করেননি, সিটি করপোরেশনের দিকে তাকাইয়াও ডিজাইন করেননি। মিডিয়ানগুলো থাকার কারণে ফ্লাইওভারের নিচের সড়কে দুর্ঘটনা অনেক কম হয়।”

তবে সিটি করপোরেশন মিডিয়ান ভেঙে ফেলতে চাইলে তাদের কোনো আপত্তি নেই বলে জানান শাহজাহান পাটোয়ারী।

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণের সময় সরকারের পক্ষে ‘সুপার কনসালটেন্ট’ হিসেবে কাজ করে বুয়েটের একটি দল। দলটি ফ্লাইওভারের নকশা ও অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সরকারকে প্রতিবেদন দেয়।

প্রতিবেদনে নকশার দুর্বলতাগুলো দেখিয়ে দেওয়ার পাশাপাশি কিছু পরামর্শও দেওয়া হয়েছিল। তবে তাদের বেশিরভাগ পরামর্শই মানা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক। তিনি সেই দলে পরিবহন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

অধ‌্যাপক শামসুল বলেন, “আমরা বলেছিলাম যে এটা (ফ্লাইওভার) নিচের সড়ককে নন-ফাংশনাল করে দেবে। আমরা বারবার বলেছিলাম টেকনিক্যালি এভাবে ফ্লাইওভার হওয়া উচিত না। এর ফলে নিচের যানবাহন চলাচল বাধাগ্রস্ত হবে।”

তবে সেসময় সিটি করপোরেশন কোনো ব্যবস্থা না নেওয়ায় বুয়েট এই কাজ থেকে সরে এসেছিল বলে জানান তিনি।

“এগুলো ঠিক করার সুযোগ ছিল, কিন্তু সেগুলো দেখে নাই। এটা এমন নয় যে ভুলে হয়ে গেছে। তাদেরকে বারবার বলার পরেও সেদিকে নজর দেয়নি। মনে হচ্ছিল তারা জেগে জেগে ঘুমাচ্ছেন।”

মেয়র সাঈদ খোকন এখন চাইলেও মিডিয়ানগুলো ভাঙতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ী এই বুয়েট অধ‌্যাপক।

“মেয়র এসব মিডিয়ান ভাঙতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। কারণ পিপিপি প্রকল্পে মেয়র চাইলেই আইনগত কারণে পারবেন না।”