২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে আটকদের মধ‌্যে মুজাহিদের ভাইয়ের স্ত্রী

নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থেকে যে ২৮ নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ‌্যে আলী আহসান মো. মুজাহিদের ভাইয়ের স্ত্রীও রয়েছেন।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 06:57 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাদের মধ‌্যে যুদ্ধাপরাধীদের স্বজন রয়েছে বলে জানালেও কার স্বজন তা জানায়নি পুলিশ।

চার দিন পর সোমবার মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ‌্যে যুদ্ধাপরাধে মৃত‌্যুদণ্ডে দণ্ডিত মুজাহিদের ভাইয়ের স্ত্রীও রয়েছেন।

“নাশকতার অভিযোগে করা মামলার ১০ নম্বর আসামি সাকিয়া তাসলিম (৪৭)। তিনি জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ভাই আলী আকরামের স্ত্রী।”

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মুজাহিদের মৃত‌্যুদণ্ডের রায় ২০১৫ সালের নভেম্বরে কার্যকর হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। একাত্তরের বদর নেতা মুজাহিদ ছিলেন চারদলীয় জোট সরকারের মন্ত্রীও।

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র চলছে বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব‌্যের মধ‌্যে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ি থেকে সাকিয়াসহ ২৮ নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন‌্য দুদিনের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ নাশকতার ষড়যন্ত্রের কথা বললেও জামায়াতের আইনজীবীরা আদালতে বলেন, সাংগঠনিক একটি বৈঠকের জন‌্য ওই বাড়িতে ছিলেন ওই নারীরা।

ওসি জামাল উদ্দিন বলেন, “তারা সেখানে বসে কোনো অশুভ পরিকল্পনা করছিল। নাশকতার জন্য ও সাংগঠনিক শক্তি বাড়াতে তারা সদস্য সংখ্যাও বাড়ানোর চেষ্টায় ছিল।”

তাজমহল রোডের বাসায় শাহনাজ বেগমের (৫৬) নেতৃত্বে ওই বৈঠক চলছিল বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার অন‌্যরা হলেন- নাইমা আক্তার(৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীনা আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭),  রোকসানা বেগম (৫১), আফসানা মিমি (২৫), শরিফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) ও রহিমা খাতুন (৩০)।

পুরনো খবর:

মোহাম্মদপুরে ‘জামায়াত-শিবিরের’ ২৮ নারী গ্রেপ্তার
জামায়াতের ২৮ নারী কর্মী রিমান্ডে