২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তায় জোর দিতে এনবিআরকে পরামর্শ

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলা মোকাবেলা করতে হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডকে এদিকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন তথ্যি প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 11:40 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

তিনি বলেছেন, “এনবিআরকে এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এখানে করদাতাদের ডেটা আছে। তাদের ডেটা সংরক্ষণ ও গোপন রাখা এনবিআরের দায়িত্ব। এ ডেটা ব্যাংকে সাইবার হামলা হলে ব্যক্তি ও রাষ্ট্র সমস্যায় পড়তে পারে।”

রোববার ‘ডিজিটাল এনবিআর এ সাইবার নিরাপত্তা কার্যক্রম’ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

পলক বলেন, “সাইবার নিরাপত্তার ঝুঁকিতে থাকা সরকারি ২১টি সংস্থার মধ্যে এনবিআর অন্যতম। এজন্য এনবিআরের সাইবার নিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

এনবিআর চেয়ারম্যান বলেন, “ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে ডিজিটাল এনবিআর গঠনের প্রয়াস চালানো হচ্ছে। এক্ষেত্রে আমরা বহুদূর এগিয়েছি। ডিজিটাল এনবিআর গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসিসসহ সব সংস্থার সহায়তা পাচ্ছি।”

সেমিনারে সাইবার নিরাপত্তা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন প্রতিমন্ত্রী পলক। ডিজিটাল এনবিআরের অগ্রগতি তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য জনাব কালিপদ হালদার।

সেমিনারে হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইটি বিশেষজ্ঞ ও বেসিস সভাপতি মোস্তফা জব্বার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ফরহাদ হোসেন, ন্যাশনাল ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকত উল্লাহ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে সদ্যউ শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রতিমন্ত্রী পলক।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় মোট ৩ কোটি ৭৮ লাখ টাকার ভ্যাট আদায় হয়েছে। গত ২০১৬ সালের বাণিজ্য মেলায় ভ্যাট আদায় হয়েছিল ২ কোটি ৩৬ লাখ টাকা।