২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদুল্লা কায়সারের বইয়ের স্বত্ব নিয়ে জটিলতা

শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক,’ ‘সারেং বৌ’ ও ‘রাজবন্দীর রোজনামচা’ বই তিনটি মেলায় এনেছে দুটি প্রকাশনী, তারা উভয়ই নিজেদের বৈধ প্রকাশক দাবি করলেও একটির বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 07:18 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

চারুলিপি প্রকাশন জানিয়েছে, শহীদ বুদ্ধিজীবীর স্ত্রী পান্না কায়সারের মৌখিক অনুমতি নিয়ে বইগুলো ছাপিয়েছে তারা। অন্যদিকে আরেক সংস্থা জোনাকী প্রকাশনীর দাবি, তাদের কাছে বইগুলো প্রকাশের আনুষ্ঠানিক চুক্তিপত্র আছে।

তবে পান্না কায়সার বলছেন, বই তিনটি নিয়ে প্রতারণা করছে জোনাকী প্রকাশনী।

অনুমতি ছাড়া বই প্রকাশেরঅভিযোগে ২০১৪ সালে এই প্রকাশনীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি। আগামী ৩ মার্চ এ মামলার শুনানি হওয়ার কথা।

চারুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী হুমায়ূন কবির জানান, পান্না কায়সারের মৌখিক অনুমতি নিয়েই তারা শহীদুল্লা কায়সারের বইতিনটি প্রকাশ করেছেন।

“নিয়ম অনুযায়ী বইগুলোর স্বত্ব আমাদের। কিন্তু জোনাকী প্রকাশনী আমাদের কিংবা শহীদুল্লাহ কায়সারের পরিবারের অনুমতি ছাড়াই বইগুলো প্রকাশ করেছে।”

চারুলিপির এ বক্তব্যের সঙ্গে একমত পান্না কায়সারও। তিনি বলেন, জোনাকী প্রকাশনীর মালিককে এ বিষয়ে বারবার বলা হলেও তারা সহযোগিতা করেনি।

“জোনাকী প্রকাশনীর মালিক আমাদের টাকা দেওয়াতো দূরের কথা, আমাদের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি। ফোন করলে তিনি রিসিভও করেন না।”

পান্না কায়সারের এ অভিযোগ অস্বীকার করে জোনাকী প্রকাশনীর মালিক মঞ্জুর হোসেন বলেন, “পান্না কায়সারের ফোন রিসিভ না করার ধৃষ্টতা আমার নেই। আমার কাছে চুক্তিপত্র আছে।

“এত বড় একজন সম্মানিত মানুষ আমার বিরুদ্ধে কেন মামলা করলেন, সেটা আমার জ্ঞানের বাইরে। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আশা করছি সেটা আদালতেই সুরাহা হবে।”