বইমেলায় কার্টুন-কমিক সিরিজের খোঁজে শিশুরা
টেলিভিশনের বদৌলতে ‘মিস্টার বিন’, ‘ডোরেমন’, ‘গোপাল ভাড়’, ‘মোটু-পাতলু’ চরিত্রগুলো যেন সত্যিকার অর্থেই বন্ধু বনে গেছে খুদে পাঠকদের। বন্ধুদের হাস্যকর সব কর্মকাণ্ড আর দুষ্ট-দমনের নানা অভিযানের মজাদার সব গল্পের খোঁজে শিশুরা ভিড় করেছিল বইমেলায়।
শনিবার ছিল ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’-এর ‘শিশু প্রহর’ এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ‘সিসিমপুর’ এর চরিত্রের খোঁজ করলেও এ পর্বে শিশুরা এসে খুঁজেছে তাদের ‘বন্ধুদের’।
শিশুদের চাহিদার বিষয়টি বুঝে প্রকাশকরাও তাদের প্রিয় সব কার্টুন আর কমিকস চরিত্রগুলো তুলে আনছে দুই মলাটের ভেতরে।
মেলা প্রকাশনীর ব্যবস্থাপক আশরাফ জিকো বলেন, “টিভি সিরিজের দারুণ প্রভাব পড়েছে শিশুদের মনে। ছড়া-কবিতা-প্রবাদের ট্র্যাডিশন ভেঙ্গে শিশুরা এখন কার্টুন ক্যারাক্টারগুলো খোঁজে । সময়ের সাথে তাদের পড়বার ধরনের পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক।
“তাদের কথা ভেবে প্রকাশনার ধরণও কিন্তু বদলে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “তবে বাবা-মাকে আসলে সতর্ক থাকতে হবে। এই বয়সে ওদের যদি বাংলাদেশের কবি-সাহিত্যিকদের সঙ্গে পরিচয় করিয়ে না দেয়, ওরা কখনও এসব জানতে চাইবে না, শিখবে না। ”
ভিন্ন চিত্র আছে কিছুটা। যেমন লাবণী প্রকাশনীর ব্যবস্থাপক লাভলী হোসেন জানালেন কার্টুনের পাশাপাশি শিশুরা জোকস পড়ছে। ছবি আঁকা ছড়ার বইগুলো কিনছে।
“ওদের পাঠাভ্যাস ধরে রাখা এখন গুরুত্বপূর্ণ। বই কিনতে আসা এসব ক্ষুদে পাঠকদের দেখে আমরা উৎসাহিত হই।”
পাঠাভ্যাস পরিবর্তনের প্রসঙ্গটি টেনে আনেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া সাদী।
মেলায় আসা ক্ষুদেদের অনেকের অক্ষরজ্ঞান নেই, মা-বাবারা বই থেকে পড়ে শোনাবেন গল্প। তবুও বায়না থামে না তাদের। ওরা কখনও ছুটেছে কার্টুন আর কমিকসের খোঁজে, কখনও নেড়েচেড়ে দেখেছে ছবির বইগুলো।
‘আলাদীনের জাদুর প্রদীপ’, ‘কেশবতী রাজকন্যা’, ‘ফুলকুমারী’, ‘ডাইনির অভিশাপ’, ‘সাগরতলে জলপরী’, ‘হ্যামিলিনের বংশীবাদক’, ‘ভূতের সাথে সেলফি’- রূপকথা আর জাদুর বইয়ের খোঁজ করতে দেখা গেল শিশুদের।
দৈত্য-দানো আর প্রাগৈতিহাসিক ডাইনোসরদের গল্প ভালো লেগেছে আহমেদ আবরার জাহীনের।
“টিভিতে আমি ডাইনোসর দেখেছি। মেলায় এসে দেখি তাদের বইও পাওয়া যাচ্ছে। কী মজা!”
তাসফিয়া শাহরিন ও নাবিলা শিহাব এসেছে বাবা আমজাদ আলীকে নিয়ে।
তাসফিয়া বলল, “আমি ভূত খুব পছন্দ করি। মা আমাকে ভুতের গল্প শোনায়। আমি ভুতের গল্প শুনিয়ে বন্ধুদের ভয় দেখাই। ভুত তো আমার বন্ধু।”
.
নাবিলাকে অবশ্য রঙ-বেরঙের নানা আকারের ছড়ার বইগুলো টেনেছে। বাংলা, ইংরেজি দুটি ভার্সনের ছড়ার বই খুঁজেছে সে।
‘সিসিমপুরের’ স্টলে ‘বেশি’ বিকিয়েছে ‘মাছ ধরার মজা’, ‘সুন্দরবনে বনভোজন’, ‘বৈশাখী মেলায় হৈ-হুল্লোড়’, ‘সিসিমপুরে ভূমিকম্প’। বিক্রয়কর্মীরা জানালেন, এর পাশাপাশি সিসিমপুরের চরিত্রগুলো নিয়ে আঁকা ছবির বই, আর মজার সব ছড়া, প্রবাদের বইও ‘ভালো’ বিক্রি হয়েছে।
অনেকেই আবার বিখ্যাত সব কবিদের ছড়ার বই। মোহাম্মদপুর থেকে মা রিফাতকে সঙ্গে নিয়ে আসা রঙতুলি জানাল, সে খুঁজছে সুকুমার রায়ের মজার ছড়া, কবিতার বই।
“মা আর বাবা আমাকে পড়ে পড়ে শোনায়। আমার খুব ভালো লাগে ছড়া।”
বনশ্রী আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী লহনা কিনেছে দীপু মাহমুদ ও মির্জা লতিফের শিশুতোষ গল্পের বই। সে জানাল, হোমওয়ার্ক শেষ করে সে প্রতিদিন গল্পের বই পড়ে।
রঙ-বেরঙে আঁকা বিভিন্ন আকারের কার্ড, ফেস্টুনও বিক্রি হয়েছে ‘শিশু প্রহরে’। কেউ কিনেছে ‘রঙ করার বই’। পেন্সিল স্কেচে আঁকা পশু-পাখি, লতা-পাতার ছবিগুলোতে ইচ্ছেমতো রঙ দেবে বলে শিশুরা তা কিনে নিয়ে গেছে।
কেনা বই দেখিয়ে আকাইদ রাফিউন বলল, “আমি রঙ করতে খুব পছন্দ করি, এই বইটা কিনেছি। রঙ পেন্সিল কিনেছি। আজ খুব রঙ করব।”
রহস্য-রোমাঞ্চের খোঁজ করতে দেখা গেল কাউকে। ধানমন্ডি থেকে আসা কৌশিক জানাল, সে তৌহিদুল ইসলাম সম্পদের ‘দুর্জয় সিরিজ’ কিনেছে।
দিহান এসেছে তার দাদী রেহানা রহমানকে নিয়ে। সে খুঁজেছে বিজ্ঞানের বই।
