‘স্বাধীনতার ৪৫ বছরে নদ-নদী শুকিয়ে অর্ধেক’
স্বাধীনতার পর সাড়ে চার দশকে বাংলাদেশে নদ-নদী শুকিয়ে এক হাজার ৩০০টি থেকে কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে একটি আলোচনা সভায় তুলে ধরা প্রতিবেদনে জানানো হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘নদ-নদী রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এতথ্য জানানো হয়।
সভায় প্রকৌশলী জাবের আহম্মেদ ও মুহাম্মদ আনোয়ার হোসেন যৌথভাবে প্রতিবেদনটি উপস্থাপন করেন।
এতে বলা হয়, “স্বাধীনতার পর ১৩০০ নদ-নদী থেকে এখন কোনো রকম ৭০০টি টিকে রয়েছে। এর মধ্যেও প্রবাহমান নদীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
“তাই ঢাকার আশপাশ এলাকার মাত্রাতিরিক্ত দূষণ রোধে জরুরি ভিত্তিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। পাশাপাশি তা এক থেকে পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা জরুরি।”
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সন্বয়কারী মুহাম্মদ আনোয়ার হোসেন নদী রক্ষায় সরকারে কাছে ১৬টি সুপারিশ তুলে ধরেন।
এর মধ্যে স্বল্প মেয়াদে নদী-নালা, খাল-বিল, পুকুর, কৃত্রিম লেক, সমুদ্র সৈকতে ইঞ্জিন চালিত নৌকার পোড়া মবিল, তেল, গৃহবর্জ্য ময়লা-আবর্জনা, প্লাস্টিক বোতল ও পলিথিনসহ অপচনশীল বর্জ্য ফেলা বন্ধে আইনগত পদক্ষেপ ও জনসচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
মধ্য মেয়াদী পাঁচটি সুপারিশের মধ্যে রয়েছে- সুপেয় পানির জলাধারা সৃষ্টির জন্য ভরাট ও অর্ধ ভরাটকৃত মজা পুকুর এবং দীঘিগুলো খনন ও পুনঃখননের আওতায় আনা, মাঝারি ও ছোট নদী-নালা, খাল-বিলগুলোকে সামাজিক বনায়নের আওতায় আনা।
বন্যা কবলিত এলাকায় উচ্চ ফলনশীল ও দ্রুতবর্ধনশীল ফসলের ব্যবস্থা করা, নদীবান্ধব অর্থনীতি ও যোগাযোগে ব্যবস্থা চালুর জন্য নদী বন্দরগুলো পুর্নগঠন ও সংস্কার করা এবং পরিকল্পিতভাবে নদী-নালা ও খাল-বিলের উপর ব্রিজ কালভার্ট নির্মাণ করা।
দীর্ঘ মেয়াদী সুপারিশের মধ্যে রয়েছে- শিল্পবর্জ্যের দূষণ থেকে নদী রক্ষায় শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, বিভিন্ন হাওড়-বাওড়-বিল ও পতিত নদী-নালাগুলোর উৎসমুখের বাঁধাগুলো অপসারণ করে নিম্নভূমিতে পানির প্রবাহ সচল রাখার ব্যবস্থা করা।
