হারিয়ে যাচ্ছে তিস্তা
দিনকে দিন ক্ষীণ হয়ে আসা তিস্তার পাড়ে দাঁড়ালে যেন বাতাসে শোনা যায় একদা উচ্ছল এই নদীর দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ। হিমালয় থেকে নেমে আসা এ নদীকে ঘিরে দুপাড়ের মানুষ গড়ে তুলেছিল বসতি ও জীবিকা, নীলজল আর সবুজের রঙে প্রকৃতি এঁকেছিল শ্যামল ছবি। এসব এখন শুধুই স্মৃতি।
প্রবল প্রতিকূলতায় বিপন্ন পরিবেশ। মরুকরণের কাছে হার মানছে সজীব প্রকৃতি। দিন দিন হারিয়ে যাচ্ছে এক সময়ের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মহীরুহগুলো। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।
তিস্তাপাড়ের মানুষের স্মৃতিতে এখনও ভাসে বাড়ি থেকে একটু দূরে ছুটে চলা কাকচক্ষু জল সেই স্রোতস্বিনী, যার চলা উচ্ছল হলেও স্বভাবে সৌম্য ও শান্ত। তখন গ্রামজুড়ে মানুষের মনে ছিল অনাবিল শান্তি। অগণিত গাছপালার শ্যামল ছায়া আর পাখির কলতানে মুখরিত গ্রামগুলো ছিল যেন স্বপ্নে ভরা। আকাশে উড়ত শঙ্খ-শাদা কিংবা হলুদ ডানার চিল। বট-পাকুরের ফলের লোভে ঝাঁকে ঝাঁকে ছুটে আসত হরিয়ালের দল। অতিথি পাখিদের কলরবে ঘুম ভাঙত গ্রামের মানুষের।
সেদিন এখন আর নেই। সব যেন ধূসর স্মৃতি। বিস্তীর্ণ তিস্তায় যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। অতীতের স্মৃতি ছাপিয়ে বুকের ভেতর থেকে উঠে আসে সীমাহীন কষ্টের দীর্ঘশ্বাস।
পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের কাছে এর ব্যাখ্যা রয়েছে, কিন্তু সমাধান আকে কি না তা জানে না কেউ। তবুও এর উত্তর খুঁজতে হয়। এজন্য পানি উন্নয়ন বোর্ড, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভুক্তভোগী থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকেই এ সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজছেন।
এভাবে হয়ত একদিন তিস্তাকে বাঁচানোর কোনো উপায়-উদ্যোগ বের হবে, অথবা চিরতরে হারিয়ে যাবে এই শ্যামল বাংলা থেকে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ড. মাসুম এ পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিমালয়ের চো লামু হ্রদ থেকে তিস্তার উৎপত্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ৫শ ফুট উচ্চতায় এ নদীর উৎস হওয়ায় উজানে তিস্তার গতি উচ্ছল ও দুর্বার।
১৯৭৭ সালে বাংলাদেশের তিস্তা ব্যারাজের উজানে গজলডোবা এলাকায় ভারত একটি ব্যারাজ নির্মাণ করে তিস্তার গতিকে থামিয়ে দেয়। এ নদীর মূল স্রোতধারাকে ব্যারাজের বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ঘুরিয়ে তারা তাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন সেচ প্রকল্পে নিয়ে যায়।
গত বছর তারা আরো একটি ক্যানালের মাধ্যমে পানি প্রত্যাহার শুরু করে। এরপর গজলডোবা ব্যারেজ থেকে শুস্ক মৌসুমে যে পরিমাণ পানি ভাটিতে বাংলাদেশকে দেয়া হয়, তা প্রায় ৭০ কিলোমিটার অতিক্রম করে তিস্তা ব্যারাজে এসে যখন পৌঁছে তখন নদীর স্রোতধারা ক্ষীণ হয়ে সরু ফিতার আকার ধারণ করে।
তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ এই পানিই আবার ব্যারাজের গেট বন্ধ করে ঘুড়িয়ে দেয় তাদের মূল সেচ খালের জল সংরক্ষণস্থলে। তারপর ব্যারাজরে গেট খুলে মাঝে মাঝে যে পানি দেয়া হয় তা দিয়ে নদীর বুক ভেজে না।
ড. মাসুম আরো বলেন, পনির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ায় ভূগর্ভের গভীর থেকে শ্যালো ও গভীর নলকূপ দিয়ে ব্যাপক পানি উত্তোলন করায় মাটির স্তরের মধ্যবর্তী স্থান শূন্য হয়ে সেখানে বাতাস প্রবেশ করছে। ফলে ভূগর্ভে অক্সিজেনের বিস্তৃতি ঘটেছে। এই অক্সিজেন, লৌহ ও আর্সেনিক যৌগের (আর্সেনোপাইরাইট) সঙ্গে বিক্রিয়ায় মুক্ত আর্সেনিকের সৃষ্টি হচ্ছে।
এই মুক্ত আর্সেনিকই মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে স্বাস্থ্যগত হুমকির সম্মুখীন হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলীয় পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিস্তার পানি প্রবাহ রেকর্ড পরিমাণ কমে গেছে। নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে যেখানে প্রয়োজন চার হাজার কিউসেক পানি, সেখানে শুধু ব্যারাজ এলাকায় পানি পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার ৭শ’ কিউসেক।
তিস্তা ব্যারাজের সেচ প্রকল্পের জন্য দেড় হাজার কিউসেক পানি প্রয়োজন বলে জানান তিনি।
এখন ভাটিতে পানির প্রবাহ একবারেই কমে যাওয়ায় নদীর দেড়শ’ কিলোমিটার এলাকা এখন মরা গাঙে পরিণত হয়েছে। এ অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও পরিবেশ। মরে যাচ্ছে গাছপালা।
সরজমিন তিস্তা এলাকা ঘুরে দেখা গেছে, নীলফামারী জেলার ছাতনাই গ্রাম। এখান থেকে তিস্তা বাংলাদেশ অংশে প্রবেশ করেছে এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত এসে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে।
এই দীর্ঘ দেড়শ’ কিলোমিটারের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে তিস্তা তার নাব্যতা হরিয়ে শীর্ণ, কঙ্কালসার হয়েছে। এ নদীকে অবলম্বন করে গড়েম ওঠা দুপারের হাজার হাজার পরিবারের মানুষের জীবন-জীবিকা এখন রং হারিয়ে ধূসর হয়েছে।
রংপুর অংশের তিস্তা পাড়ের নোহালী গ্রামের প্রবীণ আকালু শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন যেখানে তিস্তা বয়ে চলছে তার দেড় কিলোমিটার পূর্বে তার ৩০ বিঘা জমি ছিল। ১৯৭৪ সালে প্রথম নদী ভাঙনে তিনি নিঃস্ব হয়ে যান। এরপর ’৭৬ সালে চর ভেসে ওঠে। ওই বছর চরে কিছু কাউন ও চিনা আবাদ করলেও পরের বছর আবার তিস্তা গ্রাস করে নেয়। এভাবে একের পর এক ভাঙনে তিনি উচ্ছেদ হতে থাকেন তিস্তার পাড় থেকে।
তার স্মৃতিতে এখনও ভাসে বাড়ির অদূরে ছুটে চলা কাকচক্ষু জল তিস্তা। গ্রামজুড়ে মানুষের মনে ছিল অনাবিল শান্তি। বড় বড় গাছপালা আর পাখির কলতানে মুখরিত গ্রাম। আকাশে ভেসে বেড়াত শঙ্খ-শাদা কিংবা হলুদ ডানার চিল। বট-পাকুরের ফল খাওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে আসত হরিয়াল পাখির দল। অতিথি পাখির কলরবে ঘুম ভাঙত এক অন্যরকম অনুভূতি নিয়ে। এখন সেসব শুধুই স্মৃতি।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের ময়নাল হক জানান, নদী ভরাট হয়ে যাওয়ায় একটু বর্ষা হলেই দুকূল ছাপিয়ে ফুঁসে ওঠে তিস্তা। হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ। ঘরবাড়ি, ফসল সবকিছু ভাসিয়ে নিয়ে যায় যেন সীমাহীন ক্রোধে। ভাঙনে নিঃস্ব হয় মানুষ।
নদী শুকিয়ে যাওয়ায় মৎসজীবীরা বাপ-দাদার পুরনো পেশা ছেড়ে এখন দিনমজুর কিংবা গ্রাম ছেড়ে শহরে গিয়ে হচ্ছে ছিন্নমূল। ছোট ছোট খেয়াঘাট বন্ধ হয়ে যাওয়ায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সেই চিরচেনা গ্রামীণ চিত্র আর দেখা যায় না। যাদের নৌকা আছে তারা এখন তা তুলে রেখেছে।
তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, হারিয়ে গেছে রঙিন পালের নৌকা আর সেই চির চেনা সুর- নাইয়ারে নায়ের বাদাম তুইলা, কোন দূরে যাও চইলা.....।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের হরেশ্বর মাঝি জানান, ঘণ্টার পর ঘণ্টা বালুচর পাড়ি দিয়ে গন্তব্য কিংবা হাটবাজার সারতে হয় বলে ক্রমান্বয়ে বসতি গুটিয়ে ফেলছে নদীপাড়ের মানুষজন।
ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থায় যারা এরপরও টিকে আছে তারা এচর ওচর করে যাযাবরের মতো জীবনযাপন করছে। বর্ষা চলে যাওয়ার পর নদীর বুকজুড়ে বালির বিশাল আস্তরণে স্বাভাবিক চাষবাস হচ্ছে না। মাছ ধরা পড়ছে না। এ কারণে নদীতে চর পড়ে যাদের জমি ভেসে উঠেছে তারা চাষ, সার ও অর্থের অভাবে ফসল ফলাতে পারছে না।
এভাবেই এ অঞ্চল থেকে হারিয়ে গেছে চরের ঐতিহ্যবাহী ফসল বাঙ্গি, তরমুজ, সাতপুঁথি, ধনে আর মৌরি।
এই গ্রামের জহুর মিয়া জানান, পানি কমে যাওয়ায় বর্ষাকালেও নদীতে আর এখন দেখা যায় না ঘড়িয়াল কিংবা শুশুক।
একই গ্রামের প্রবীণ হরিপদ বিশ্বাস জানান, চৈত্রের শেষদিকে নদীর মাছ উজানে যায় ডিম ছাড়ার জন্য। এখন নদীতে পানি না থাকায় মাছও নেই। তাই উজানেও যায় না তারা। একারণে মাছের আকাল এখন তিস্তায়। তার স্মৃতিতে এখনও আছে তিস্তায় জাল ফেললেই ধরা পড়ত রুপোর মতো চকচকে কাজলী মাছ। তাজা কাজলী মাছ ভাজার ঘ্রান যেন এখনও পাওয়া যায়। কিন্তু সেদিন আর নেই। ভরাট হয়ে যাওয়ায় একটু বর্ষা হলেই দুকুল ছাপিয়ে ভাসিয়ে দেয় বাড়িঘর। আর ফাল্গুন কিংবা চৈত্রের বাতাসে ধূলাবালিতে অতিষ্ঠ হয়ে ওঠে জীবন।
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তার চর ডাউয়াবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম বলেন, তিস্তার উজানে ভারত ব্যারাজ নির্মাণ করে বাংলাদেশ অংশে নির্মিত তিস্তা ব্যারাজের কার্যকারিতা নষ্ট করে দিয়েছে। এখন এই ব্যারাজ রাখার অর্থই হল তিস্তা নদীর টুঁটি টিপে তাকে মেরে ফেলা।
