ফিলিস্তিনিদের সংগ্রামে পাশে থাকার কথা জানালেন রওশন
ফিলিস্তিনিদের ‘নির্যাতিত মুসলিম বিশ্বের প্রতীক’ অভিহিত করে তাদের সংগ্রামে পাশে থাকার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “বাংলাদেশের ১৬ কোটি মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে। আমরা ১৯৬৭ পূর্ববর্তী নিজস্ব ভূখণ্ড নিয়ে অবিলম্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিন দেখতে চাই।”
ঢাকার লো মেরিডিয়ান হোটেলে শুক্রবার দুপুর দেড়টা থেকে প্রায় ২৫ মিনিট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠক হয়।
পরে সাক্ষাতের বিষয়ে রওশনের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বৈঠকে এরশাদ সরকার আমলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সমর্থনের কথা উল্লেখ করেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ।
মামুন হাসান বলেন, বিরোধী দলীয় নেতা রওশনের সহযোগিতার আহ্বানকে স্বাগত জানান মাহমুদ আব্বাস।
বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য নূর এ হাসনা লিলি চৌধুরী এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকী, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদ্দাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রওশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকাল পৌনে ৩টায় ঢাকা ছাড়েন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিন দিনের সফরে গত বুধবার বিকালে বাংলাদেশে এসেছিলেন তিনি।
