২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে নানা কর্মসূচি

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা গণজাগরণ আন্দোলনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 02:33 AM

Updated : 11 Apr 2022, 10:56 PM

শাহবাগে প্রজন্ম চত্বরে ওই দিন দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ’, বিকাল ৩টার পর গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যা লি ‘জাগরণ যাত্রা', বিকাল সাড়ে ৩টায় ‘সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র মৌলবাদ, ’৭২ এর সংবিধান; কোন পথে বাংলাদেশ?’ শিরোনামে আলোচনা সভা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্যম দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, “২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদের মশাল হাতে নিয়ে চতুর্থ বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে মঞ্চের আন্দোলন।

“শাহবাগের জনসমুদ্র থেকে এই আন্দোলন আজ ছড়িয়ে গেছে বিশ্বময়। মঞ্চের আন্দোলন সেই ইতিহাসেরই গর্বিত উত্তরাধিকার, যে ইতিহাস হাজার বছরের বাঙালির হার না মানার দৃঢ় সংগ্রামের চিরন্তন ইতিহাস, যে ইতিহাস মহাকাব্যিক মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস।”

মঞ্চের আন্দোলন নিয়ে ইমরান বলেন, “কাদের মোল্লা থেকে শুরু করে কুখ্যাত যুদ্ধাপরাধীদের ঔদ্ধত্যের জবাব দিয়েছে শাহবাগ, মুক্তিকামী বাঙালির হাতে তুলে দিয়েছে বিজয়ের স্মারক। গণমানুষের ঐক্যের শক্তি নিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের পথে দৃপ্ত শপথে এগিয়ে চলছে মঞ্চ।”

পাঠ্যপুস্তক ‘সাম্প্রদায়িকীকরণের’ সমালোচনা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “আমরা বর্তমানে এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে, যখন মুক্তিযুদ্ধের অন্যতম স্তম্ভ অসাম্প্রদায়িকতার মূলে বারবার আঘাত করে যাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি।

“পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের মাধ্যমে কলুষিত করা হচ্ছে শিক্ষাঙ্গন, অত্যন্ত সচেতনভাবে শিক্ষার্থীদের মনে মৌলবাদের বিষবাষ্প প্রবেশ করিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

“প্রশাসন এবং সরকারের প্রত্যেক স্তরে স্তরে সাম্প্রদায়িকতা বিস্তারের নীলনকশা বাস্তবায়িত হচ্ছে। রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে প্রগতিশীল ও মুক্তিকামী মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে।”

শিক্ষাঙ্গন থেকে শুরু করে ‘রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে পাকিস্তানিকীকরণের’ বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইমরান এইচ সরকার।