২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার ভিন্নতা পেরিয়ে মানুষে মানুষে ঐক্যের আহ্বান

ভাষার ভিন্নতাকে পেরিয়ে বিশ্বব্যাপী মানুষে মানুষে ঐক্যের আহ্বান এসেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশ নেওয়া বিদেশি কবি-সাহিত্যিক-লেখকদের কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 01:01 AM

Updated : 11 Oct 2022, 01:25 PM

একুশে বইমেলার দ্বিতীয় দিনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশ নেন অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুরঘার্ট ও টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তোরিকোর কবি লুস মারিয়া লোপেজ ও মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস, রাশিয়ার ভিক্টর আলেক্সান্দ্রোভিচ পোগাদাইভ ও চীনের ডং ইউ চেন।

দ্বিতীয় অধিবেশনে বিদেশি কবি-লেখকদের সঙ্গে বাংলাদেশের কবি-লেখকদের মুক্ত আলোচনা হয়। এতে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা, সৈয়দ মনজুরুল ইসলাম, মিজারুল কায়েস, শামীম আজাদ, আমিনুর রহমান, সুমন রহমান ও রশিদ আসকারী। এই অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার হক।

এদিন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা তুলে দেওয়া হয়। বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে সম্মাননা দেওয়া হয় জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ভাষাসংগ্রামী আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে।

সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের পুষ্পস্তবক, সম্মাননা সূচক ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অসুস্থতার কারণে অধ্যাপক আনিসুজ্জামানের অনুপস্থিতিতে তার ছেলে আনন্দ জামান বাবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন। 

সম্মাননা দিয়ে শামসুজ্জামান খান বলেন, “এই ছয়জন বিশিষ্ট ব্যক্তি আমাদের ভাষা-সাহিত্য ও দেশ-জাতির গর্ব। বাংলা একাডেমি এই বিরল গুণীদের কাছে সামষ্টিক ঋণ স্বীকার করল মাত্র।”

Image
সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টলে দর্শনার্থীরা। ছবি: আব্দুল মান্নান

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টলে দর্শনার্থীরা। ছবি: আব্দুল মান্নান

বিকাল সাড়ে ৩টায় বইমেলার মূলমঞ্চ হয় ‘বাংলা কথাসাহিত্য’ শীর্ষক সেমিনার। এতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কথাসাহিত্য বিষয়ে তিনটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী ও অমর মিত্র।

পরে ‘বাংলা ভাষার স্বরচিত কবিতা পাঠ’ পর্বে কবিতাপাঠে অংশ নেন বাংলাদেশ ও ভারতের  কবিরা।

মেলার তৃতীয় দিনের অনুষ্ঠানসূচি 

তৃতীয় দিন শুক্রবার মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। 

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজনে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘বাংলা কবিতা’ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের কবি শ্যামলকান্তি দাশ ও বাংলাদেশের মাসুদুজ্জামান।

বিকাল সাড়ে ৩টায় ‘বাংলা প্রবন্ধ-সাহিত্য’ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের শান্তনু কায়সার, সুমিতা চক্রবর্তী।

এরপর থাকছে ‘মুক্তিযুদ্ধের সাহিত্য’, ‘সাহিত্য ও ফোকলোরের পারস্পরিক মিথস্ক্রিয়া’, ‘ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অন্যভাষার কবির স্বরচিত কবিতা এবং ছড়া পাঠ’ পর্ব।