২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকর্মীকে ধরে নেওয়ার সময় র‌্যাব কর্মকর্তা ধরা, মুচলেকায় ছাড়া

ঢাকার জজ আদালতের এক কর্মচারীকে তুলে নেওয়ার সময় আইনজীবী ও আদালতকর্মীরা আটকে ফেলেন র‌্যাবের এক কর্মকর্তাকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 11:34 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-২ এর উপ-পরিচালক মাহবুব আলমকে ধরে আটকে রাখা হয় একটি আদালতের আসামির কাঠগড়ায়।

সন্ধ‌্যায় র‌্যাব-২ এর অধিনায়ক ইফতেখার মাবুদ গিয়ে মুচলেকা দিয়ে মাহবুবকে ছাড়িয়ে আনেন বলে আইনজীবরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবী বেলাল হোসেন জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে সেরেস্তাদার নূরুল আলমকে তার কক্ষ থেকে টেনে হিঁচড়ে র‌্যাবের গাড়িতে তোলার চেষ্টা করেন মাহবুব।

“সেরেস্তাদারকে কলার ধরে বারান্দা দিয়ে টেনে-হিঁচড়ে নিতে দেখে আইনজীবীরা বাধা দেন এবং ওই র‌্যাব কর্মকর্তাকে ধরে ফেলেন। পরে ক্ষুব্ধ আইনজীবীদের হাত থেকে উদ্ধার করে তাকে একটি আদালতের আসামির কাঠগড়ায় নিয়ে রাখে আদালত পুলিশ।”

নূরুল আলম আইনজীবীদের জানান, তার কাছে ১২টি মামলার নথি দেখতে চেয়েছিলেন র‌্যাব কর্মকর্তা মাহবুব। তিনি ১০টি বের করে দেখানোর পর বাকি দুটি বের করে দেখাতে দেরি হওয়ায় তার উপর চড়াও হন মাহবুব।

বিষয়টি নিয়ে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে কমান্ডিং অফিসার ইফতেখার আদালতে আসেন বলে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন সাংবাদিকদের জানান।

মাহবুবের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার মুচলেকা দিয়ে ইফতেখার তার সহকর্মীকে নিয়ে যান বলে আইনজীবীরা জানান।

এই ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাঈদুর রহমান মানিকসহ আইনজীবী নেতারা সন্ধ্যায় মহানগর দায়রা জজের সঙ্গে বৈঠক করেন।