২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কবিতা মানে না বর্বরতা’ বার্তায় জাতীয় কবিতা উৎসব

‘কবিতা মানে না বর্বরতা’ স্লোগানে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পাশে (হাকিম চত্বর) শুরু হয়েছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 12:16 AM

Updated : 11 Oct 2022, 01:25 PM

উদ্বোধনী দিনে কবির কথা-কবিতায় উচ্চারিত হয় শান্তির বারতা ও মানবতার জয়গান।

জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ৩১তম উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত তিন কবিÑ সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী ও রফিক আজাদকে।

উৎসবে বাংলাদেশের খ্যাতিমান এবং নবীন-প্রবীণ কবিদের সঙ্গে অংশ নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তের সাত দেশের ১৪ জন কবি ও লেখক।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ছয়টি অধিবেশন। দিনব্যাপী বিভিন্ন পর্বে কবিরা পাঠ করেন কবিতা। অংশ নেন কবিতার সঙ্গে শান্তি ও মৈত্রীর সম্পর্ক বিষয়ক আলোচনায়।

নানা আয়োজনে সকাল থেকে রাত অবধি খ্যাতিমান কবিসহ নানা বয়সী কবিতাপ্রেমীদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ ছিল মুখর।

গ্রন্থাগার চত্বর থেকে শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও চিত্রশিল্পী কামরুল হাসানের সমাধিতে নিবেদন করা হয় পুষ্পাঞ্জলি।

এর আগে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অর্পণ করা হয় পুষ্পস্তবক।

উৎসবস্থলে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও কবিতা পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। 

অনুষ্ঠান মঞ্চে উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন কবি আসাদ চৌধুরী।  বক্তব্য রাখেন রবিউল হুসাইন ও তারিক সুজাত।

এই পর্বে শিল্পীরা পরিবেশন করেন একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এবং মুহাম্মদ সামাদ রচিত ও ফকির আলমগীরের সুরারোপিত উৎসব সঙ্গীত ‘কবিতা মানে না বর্বরতা’।

উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন Ñকথাশিল্পী ইমদাদুল হক মিলন, কবি নাসির আহমেদ, সাযযাদ কাদির, রবীন্দ্র গোপ, বুলবুল মহলানবীশসহ আরও অনেকে।

কবিতা উৎসব উদ্বোধনের কথা ছিল কবি বেলাল চোধুরীর। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, “কবিতা সর্দাই সত্যনিষ্ঠ। কবিতায় কোনো মিথ্যা, শঠতা চলে না। বাঙালি ও বাংলাদেশের কবিতা সমৃদ্ধশালী, ঐতিহ্যপ্রিয় এবং প্রকৃতি ও জীবনঘনিষ্ঠ।”

কবি আসাদ চৌধুরী বলেন, “সৃজনশীলতার আদিরূপ নিয়ে তর্ক থাকলেও মানতেই হবে কবিতা তার একটি বড় অংশজুড়ে রয়েছে। কবিতা সত্য ও সুন্দরের কথাই বলে এসেছিল, স্বপ্ন ও কল্পনার কথাই বলে এসেছিল। আর তাই সব ধরনের সংকটে কবিতা বাতিঘরের কাজ করেছে। ”

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে হয় ‘কবিতা মানে না বর্বরতা’ শীর্ষক মুক্ত আলোচনা।

অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে অংশ নেন আমন্ত্রিত সাত দেশের কবি-লেখকরা। তাদের মধ্যে ছিলেন ভারতের আশিস সান্যাল, চিন্ময় গুহ, বীথি চট্টোপাধ্যায়, কাজল চক্রবর্তী, রাতুল দেববর্মণ ও দিলীপ দাস। এছাড়া ছিলেন সুইডেনের ক্রিস্টিয়ান কার্লসন, রাশিয়ার ড. আলেক্সানড্রোভিচ পোগাদাইভ, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুরঘার্ট ও টোবিয়াস বুরঘার্ট এবং পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, মারিয়া ডি লোস ও অ্যানজেলেস কামাকো রিভাস।

আলোচনার সঙ্গে কবিকণ্ঠে কবিতাপাঠে কবিতাপ্রেমীদের জন্য এ পর্বটি হয় অনেক বেশি আকর্ষণীয়। দ্বিতীয় পর্বে দিলারা হাফিজের সভাপতিত্বে  কবিতাপাঠে অংশ নেন নিবন্ধিত কবিরা।

তৃতীয় পর্বে আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে কবিতা পাঠ করেন বাংলাদেশের অন্য ভাষার কবিরা। চতুর্থ পর্বে শিহাব সরকারের সভাপতিত্বে আবৃত্তিতে অংশ নেন আমন্ত্রিত কবিরা। পঞ্চম পর্বে কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অংশ নেন ভারতের আমন্ত্রিত কবিরা। প্রথম দিনের শেষ পর্ব অর্থাৎ আবৃত্তি পর্বে রামেন্দু মজমুদারের সভাপতিত্বে অংশ নেয় আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা। এদিনের আয়োজন চলে রাত ৯টা পর্যন্ত।