২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

বাংলাদেশের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হবে এসএসসি ও সমামানের পরীক্ষা; যাতে অংশ নেবেন ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 11:21 PM

Updated : 19 Aug 2022, 03:38 PM

প্রথম দিন সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হবে।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) আর দাখিল ভোকেশনালে নতুন সিলেবাসে বাংলা-২ (১৭২১) সৃজনশীল ও পুরাতন সিলেবাসে বাংলা-২ (১৭২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে যাবেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন অংশ নিয়েছিল। এই হিসেবে মাধ্যমিকে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন।

>> এবার তত্ত্বীয় পরীক্ষা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। ৪ থেকে ১১ মার্চ হবে ব্যবহারিক পরীক্ষা।

>> ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে এসএসসি ও সমামানের পরীক্ষায় অংশ নেবে।

>> এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ লাখ ৪ হাজার ২১২ জন পরীক্ষা দেবে।

>> পরীক্ষার্থীদের মধ্যো ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র; ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।

>> বিদেশের আটটি কেন্দ্রে এসএসসি অংশ নেবে ৪৪৬ শিক্ষার্থী। এদের মধ্যে ২৬১ জন ছাত্রী এবং ১৮৫ জন ছাত্র।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবারও বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

এসএসসিতে এবার থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

অটিস্টিক ও ডাউন সিনড্রোম প্রতিবন্ধীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে এবং শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দিতে পারবে।

পুরনো খবর:

এসএসসি: কেন্দ্র সচিবের হাতেও স্মার্ট ফোন নয়