সার্চ কমিটির আমন্ত্রণের তালিকা থেকে রশীদ বাদ
অর্থ আত্মসাতের মামলার আসামি হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর বিশিষ্ট নাগরিক হিসেবে সার্চ কমিটির বৈঠকে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েছেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশীদ।
ইসি নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি সোমবার দ্বিতীয় দফায় যে পাঁচজনকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তাতে অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেলের নাম ছিল।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে রশীদের বিরুদ্ধে করা মামলার বিষয়টি ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
চেম্বার বিচারপতির দায়িত্বে রয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যিনি সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করছেন।
ঘটনাটি চাউর হওয়ার পর রশীদের বিষয়টি খতিয়ে দেখা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে (রশীদ) বিনয়ের সঙ্গে জানানো হয়েছে, আগামীকালের নির্ধারিত বৈঠকে না আসতে।”
মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে। সার্চ কমিটির নির্দেশনা অনুযায়ী আমন্ত্রণ জানানো এবং সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবই জানিয়ে আসছেন।
ইসি নিয়োগে রাষ্ট্রপতির কাছে নামের সুপারিশ দিতে প্রথমে ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সোমবার বৈঠক করে সার্চ কমিটি। তারপর রশীদসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়।
আদালতে মামলা
‘কিংডম বিল্ডার্স লিমিটেড’ এর চেয়ারম্যান হিসেবে অর্থ আত্মসাতের তিনটি মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশীদ।
এই তিনটি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রশীদ।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার ওই আবেদনে ‘নো অর্ডার’ দেন।
ফলে মামলা তিনটির ক্ষেত্রে হাই কোর্টের রায়ই বহাল থাকছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদী পক্ষের আইনজীবী জামান আক্তার বুলবুল।
আদালতে রশীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আওসাফুর রহমান বুলু। বাদীপক্ষে আইনজীবী জয়নাল আবেদীনও ছিলেন।
আব্দুর রশীদ
বুলবুল জানান, ফ্লাট দেওয়ার কথা বলে ২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা তিনটি করেন বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার খান।
তিনটি মামলারই কার্যক্রম স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন রশীদ। তার সে আবেদনে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে রুল দেয় হাই কোর্ট।
ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১৭ জানুয়ারি রুল খারিজ করে রায় দেয় বিচারপতি সৈয়দ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাই কোর্ট বেঞ্চ।
পাশাপাশি স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।
মামলায় অভিযোগ করা হয়, বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক জাব্বার খান ২০০৮ সালে তিনটি ফ্লাট কিনতে ‘কিংডম বিল্ডার্স’র সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করা হলেও বাদীপক্ষকে ফ্লাট বুঝিয়ে দেওয়া হয়নি।
২০১২ সালে মূখ্য মহানগর হাকিম আদালতে বিশ্বাস বিল্ডার্সের মামলার পর আদালতের নির্দেশে ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়।
প্রতিবেদনে বলা হয়, ওই প্লটগুলোর মালিক অবসরপ্রাপ্ত মেজর মোর্শেদুর রহমান ও অবসরপ্রাপ্ত কর্নেল মঞ্জুর কাদির। ‘কিংডম বিল্ডার্স’ তাদের প্লটে ফ্লাট নির্মাণের আগ্রহ দেখালেও তাদের মধ্যে কোনো চুক্তি হয়নি।
“তদন্তে জানা যায়, অত্র মামলার বিবাদীপক্ষ (কিংডম বিল্ডার্স) প্লটের অধিকার গ্রহণ না করিয়াই বাদীপক্ষের (বসুধা বিল্ডার্স) অবৈধভাবে ফ্লাট বিক্রয় করিয়াছে,” বলা হয় প্রতিবেদনে।
