এ দফায় রোহিঙ্গা ঢুকেছে ৬৭ হাজার
মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংস পরিস্থিতির মধ্যে দেশটির ৬৭ হাজার নাগরিক বাংলাদেশে ‘অনুপ্রবেশ’ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন।
মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্যমান সাম্প্রদায়িক অস্থিতিশীলতা, মিয়ানমার সরকারের মুসলিমবিরোধী অভ্যন্তরীণ নীতিমালা এবং প্রতিকূল আর্থ-সামাজিক সমস্যার কারণে কয়েক দফায় মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে।”
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন পরিচালিত দুটি ক্যাম্পে ৩০ হাজারের বেশি নিবন্ধিত এবং তিন লাখের বেশি অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক বিভিন্ন অস্থায়ী শেল্টারে অবস্থান করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রীভ
“সম্প্রতি আরও ৬৭ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।”
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মিয়ানমার সরকারের অনীহার কারণে ২০০৫ সালের পর থেকে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার শরণার্থীদের প্রত্যাবসন সম্পন্ন করা সম্ভবপর হয়নি। তবে আমাদের সরকার পূর্ববর্তী মেয়াদ থেকেই এ সমস্যাটির স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
দমন অভিযানের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের স্রোত আসে বাংলাদেশের দিকে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করলেও ফাঁক গলে বাংলাদেশে ঢোকে মিয়ানমারের এই নাগরিকরা।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রবিরোধী হরতালের খবর সংগ্রহের সময় দুই সাংবাদিককে পুলিশ পিটিয়ে আহত করার ঘটনার তদন্ত চলছে বলে এক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।
তিনি বলেন, “একটি আন্দোলনের প্রেক্ষিতে পুলিশের দ্বারা সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনায় একজন এএসআইকে সাসপেন্ড ও প্রত্যাহার করা হয়েছে। ঘটনার জন্য একজন এএসপির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে বাকি ব্যবস্থা নেওয়া হবে। কেউই বিচারের ঊর্ধ্বে নন।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গত বছর দুই কোটি ৯৪ লাখ, ৫০ হাজার, ১৭৮টি ইয়াবা জব্দ করেছেন বলে প্রশ্নোত্তরে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা মহানগরীতে ট্রাফিক সিগন্যাল সম্বলিত ৯২টি ইন্টারসেশনে সোলার প্যানেল, টাইমার, কাউন্ট-ডাউন, সোলার কনভারটার, সোলার ইনভারটর, জেলা ব্যাটারি ও সিগন্যালসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংযোগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
“তবে সিটি করপোরেশন থেকে এখনো সিগন্যাল সিস্টেমের মেইনটেন্যান্স কন্ট্রাক্ট হয়নি এবং রিমোট কন্ট্রোল সরবরাহ করা হয়নি। এগেুলো সম্ভব হলে সোলার নিয়ন্ত্রিত অটো সিগন্যালগুলো চালু করার মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ বন্ধ করে অটোমেটিক এবং রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ শুরু করা হবে।”
