সাংবাদিককে মারধর: চিকিৎসকের বিচার শুরু
দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধরের মামলায় শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান চিকিৎসক শফিউল আজমের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শহীদুল ইসলাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বলে বাদীপক্ষের অন্যতম আইনজীবী শুভ্র সিনহা রায় রণি জানান।
কাঠগড়ায় দাঁড়ানো শফিউল এ সময় নিজেকে নিদোর্ষ দাবি করে ন্যায় বিচার চান। তিনি এ মামলায় জামিনে রয়েছেন।
মামলায় বলা হয়, ২০১৪ সালের ১৩ মে দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শিশির মোড়ল তথ্য সংগ্রহ করতে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান চিকিৎসক শফিউল আজমের চেম্বারে যান।
পরে সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করেন ওই চিকিৎসক। তার সহযোগী হিসেবে ছিলেন সুফিয়ান। এ ঘটনায় ওইদিনই হাজারীবাগ থানায় শিশির মোড়ল মামলা করেন।
২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমীন আসামি চিকিৎসক শফিউল আজমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাসপাতালের স্টাফ আবু সুফিয়ানকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মামলার পর চিকিৎসক শফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
