মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে
গত বছরের শেষ তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার তার আগের বছরের একই সময়ের থেকে ৩ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট বেড়েছে।
২০১৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সোমবারের মন্ত্রিসভা বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, গত ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০টি মন্ত্রিসভার বৈঠকে ১১৬টি সিদ্ধান্ত হয়।
“সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৮০টি, বাস্তবায়নের হার ৬৮ দশমিক ৯৭ শতাংশ। ৩৬টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।”
২০১৫ সালের একই সময়ে ১১টি মন্ত্রিসভা বৈঠকে ৯৯টি সিদ্ধান্ত হয়েছিল জানিয়ে শফিউল বলেন, এর মধ্যে ৬৫টি বাস্তবায়িত হয়েছে; যার হার ছিল ৬৫ দশমিক ৬৬ শতাংশ। আর বাস্তবায়নাধীন ছিল ৩৪টি সিদ্ধান্ত।
সেই হিসেবে ২০১৬ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের তার আগের বছরের একই সময়ের থেকে ৩ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট বেশি।
শফিউল আলম জানান, গত বছরের শেষ তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে পাঁচটি নীতি বা কর্মকৌশল, আটটি চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদন পায়। এই সময়ে সংসদে আইন পাস হয় ১১টি।
অন্যদিকে ২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় তিনটি নীতি বা কর্মকৌশল এবং একটি এমওইউ অনুমোদন পায়। আর সংসদে পাস হয় ১০টি আইন।
৬ মার্চ জাতীয় পাট দিবস
প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপনে সায় দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৬ মার্চ পাট দিবস উদযাপন এবং দিসবটিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত পরিপত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সমন্বিত ক্ষুদ্রসেচ নীতিমালা
এলাকাভিত্তিক সেচ ব্যবস্থাকে একটি কাঠামোর মধ্যে আনতে সমন্বিত ক্ষুদ্রসেচ নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
শফিউল আলম বলেন, “বিদ্যমান পানি সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করা, সেচ কাজে পানির প্রাপ্যতা নিশ্চিতের লক্ষ্যে ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি সম্পদের উন্নয়ন এবং পানি সম্পদের যথাযথ ব্যবহারের উদ্দেশ্য নিয়ে এই নীতিমালা করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী এলাকাভিত্তিক সেচ ব্যবস্থাকে একটি কাঠামোর মধ্যে আনতে দুটি কমিটি করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যানসহ ১৬ জন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও বিএডিসি’র নির্বাহী প্রকৌশলীসহ ১৬ জনের কমিটি হবে।
