২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মারধর: দায়ী পুলিশদের শাস্তির দাবিতে মানববন্ধন

রামপাল বিদ্যুৎকেন্ত্রবিরোধী হরতালের সময় এটিএন নিউজের সাংবাদিক এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলীমকে পুলিশের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 07:11 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বলেন, “সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র দুই সাংবাদিককে পুলিশি নির্যাতনের মাধ্যমে গোটা পুলিশ জাতি কলঙ্কিত হয়েছে। আর এই হামলার মাধ্যমে পুলিশ বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা জামাত-শিবিরের কর্মীরা সরকারকে বিব্রত করে ভাবমূর্তি নষ্ট করতে চায়।”

তিনি বলেন, “আমরা বলতে চাই, সাংবাদিকদের উপর হামলার মাধ্যমে তারা রাষ্ট্রকে গণমাধ্যমের মুখোমুখি করতে চায়। আমরাও সরকারের মুখোমুখি হতে চাই না। সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশদের মুখোমুখি করে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করুন।”

এ অন্যথা হলে সারা দেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নেমে আসবে জানিয়ে সাংবাদিক নেতা শাবান মাহমুদ ওই ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান।

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

ওই ঘটনার সংবাদ সংগ্রহে থাকা এটিএন নিউজের প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমকে দুপুরের দিকে শাহবাগ থানার ভেতরে নিয়ে মারধর করে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “পুলিশ সাংবাদিকদের মারধর করে না, মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয়।”

তবে ইতোমধ্যে মন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক চৌধুরী বলেন, “দোষীদের বিচার করতে হবে। এই বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার দাবি করছি।”

তিনি বলেন, “এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের এমন শাস্তি দিন যেন সাংবাদিকদের আর রাস্তায় না নামতে হয়।”

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, ডিআরইউ সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো. আলম হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।