তথ্য অধিদপ্তরে ‘ই-ফাইলিং’চালু
দ্রুত সেবা, দাপ্তরিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তথ্য অধিদপ্তর ‘ই-ফাইলিং’ ব্যবস্থা চালু করেছে।
সোমবার বিকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই ব্যবস্থার উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “কাগজমুক্ত নথি ব্যবস্থাপনায় সময় বাঁচবে, অর্থ বাঁচবে এবং স্বচ্ছ করবে প্রশাসনকে। হয়রানি থেকে জনগণ মুক্ত হবেন।
“দ্রুত সিদ্ধান্ত নিতেও ই-ফাইলিং ব্যবস্থা অত্যন্ত কার্যকরী।”
অনুষ্ঠানে জানানো হয়, এই পর্যন্ত ৪২টি মন্ত্রণালয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে। তবে পুরোপুরি চালু হয়েছে ২২টি মন্ত্রণালয়ে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরী বলেন, ২০১৬ সালের নভেম্বরে চারদিন তথ্য অধিদপ্তরের তিনজন ‘এ-টু-আই’ আয়োজিত নথি ব্যবস্থাপনা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
এর ধারাবাহিকতায় এই অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা ও ১২ জন কর্মচারী এই প্রশিক্ষণ নিয়েছেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদও বক্তব্য রাখেন।
