২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতার খুনি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ঢাকায়

যুবলীগের স্থানীয় এক নেতার খুনি গ্রেপ্তারের দাবিতে রাজধানীর গুলশানে প্রগতি সরণি অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সরকার সমর্থক সংগঠনটির নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:13 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

নর্দায় তাদের অবরোধের কারণে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রগতি সরণিতে গাড়ি চলাচল বন্ধ ছিল।

খুনি গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা সড়ক ছাড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।

গত ২৩ জানুয়ারি রাতে গুলশানের কাঁলাচাদপুরে ছুরিকাঘাত করা হয় ঢাকার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মো. মঈনউদ্দিনকে। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের মা আম্বিয়া বেগম একটি মামলা করেছেন। এতে সাজু, শুভ, আরিফ, জহির, শাহিন ও সাজুর স্ত্রী রুমিসহ আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে বলে জানান নিহতের ভাগ্নে আরিফুর রহমান সুজন।

সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতার জের এবং রাজনৈতিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিরা বিএনপির নেতা-কর্মী। পুলিশ সাত দিনেও তাদের ধরতে পারেনি বলে এলাকায় ক্ষোভ রয়েছে।”

আসামিদের মধ‌্যে রুমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পরিদর্শক সালাউদ্দিন মিয়া বলেন, “অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। কোনো অপরাধীই ছাড় পাবে না।”