‘ক্র্যাশ প্রোগ্রাম’ চায় আইসিটির তদন্ত সংস্থা
একাত্তরের যুদ্ধাপাধের ছয় শতাধিক অভিযোগের তদন্ত ঝুলে রয়েছে জানিয়ে এসব দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল, প্রসিকিউটর ও তদন্তকারীর সংখ্যা বাড়াতে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ দাবি তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।
সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, “আমরা বিশ্বাস করি একটা ক্র্যাশ প্রোগ্রাম করে, আগামী ১০ বছর হোক বা ২০ বছর হোক, সেটার জন্য আদালতের সংখ্যা, তদন্তসংস্থার লোকবলের কাঠামো, প্রসিকিউকরের সংখ্যা বাড়াতে হবে। ট্রাইব্যুনালকে শুধু ঢাকায় রাখলে হবে না, বিভাগীয় পর্যায়ে নেওয়া যেতে পারে। বৃহত্তর জেলাগুলোতে হতে পারে।”
তিনি বলেন, “বিচারকের সঙ্কট হলে, আমি মনে করি, আইন সংশোধন করে দুইজন বিচারক দিয়েও চালানো যেতে পারে। যেভাবে হাই কোর্টে দুইজন বিচারক দিয়ে চলে।”
নেত্রকোণার চার রাজাকারের যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন উপস্থাপনের জন্য ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
৪২৬টি অভিযোগ নিয়ে ২০১১ সালে তদন্ত সংস্থা পুনর্গঠিত হয় জানিয়ে তিনি বলেন, এখন মামলার সংখ্যা ৬৪৩টি। তদন্তনাধীন আছে ২৮টি।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক
ময়মনসিংহের এমপি মোসলেম উদ্দিনের অভিযোগ তদন্তের বিষয়ে তিনি বলেন, “আরও ৬০০ কেসের মতো এটা একটা কেস হিসেবে বিবেচিত হবে। আমরা অপরাধের ধরণ দেখে সেটাকে গুরুত্ব দিই। তিনি এমপি আছেন, না কি নাই সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। অপরাধের ধরণটা হলো মুখ্য বিষয়।”
বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধেও যুদ্ধাপরাধ তদন্তের অগ্রগতি সম্পর্কে সানাউল বলেন, “তদন্ত চলছে। যতবার বলবেন, ততবারই আমরা বলব, তদন্ত চলছে।”
ট্রাইব্যুনাল সরানোর বিষয়ে সুপ্রিম কোর্টের পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নে তিনি আবদুল হান্নান বলেন, “এই জায়গা থেকে অন্যত্র সরুক সেটা আমরা চাই নাই, আগামীতে চাইব না।
“সিভিল সমাজ ও স্বাধীনতার পক্ষে যারা আন্দোলন করছেন, তাদের সবাই এটা চান। এটাকে একটি ঐতিহ্য হিসেবে রাখতে হবে। এটা একটি চেতনাবোধ হিসেবে টিকিয়ে রাখতে হবে।”
