রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
ঢাকার বনানী ও খিলক্ষেত রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহত একজনের নাম মিরনা আক্তার (৩০); তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রোববার সকাল ৯টার দিকে খিলক্ষেত রেলক্রসিংয় এলাকায় নেত্রকোণাগামী মহুয়া এক্সপ্রেসের ধাক্কায় মিরনা আহত হন।
“স্থানীয়রা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মিরনার স্বামীর নাম খায়রুল মিয়া, দেশের বাড়ি নেত্রকোণায়। পরিবারের সদস্যরা এসে তার লাশ নিয়ে গেছে বলে জানিয়েছেন আকবর।
এদিকে সকাল ৮টার দিকে বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয় বলে আকবর জানান।
তিনি বলেন, চট্টগ্রামগামী মহানগর প্রভাতীতে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
