২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে নিহত নারীর পরিচয় মিলেছে

গুলশানে অজ্ঞাত পরিচিত হিসেবে যে নারীর লাশ উদ্ধার করা হয়েছিল, তার পরিচয় মিলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 09:59 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

নিহত আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর নাম রাণি বেগম। গ্রামের বাড়ী জামালপুরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে রাণি দ্বিতীয়।

পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে ১৮ বছর বয়সী ছেলে ও ছয় বছরের মেয়েকে নিয়ে কুড়িল বিশ্বরোডের কাজীর বাড়িতে ভাড়া থাকতেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাণির লাশ সনাক্ত করেন তার বোন শাহনাজ বেগম।  

এর আগে ময়না তদন্তে রাণি বেগমের বাম স্তন ও ফুসফুস থেকে দুটি গুলি বের করা হয়।

শুক্রবার রাতে হলুদ রঙয়ের সালোয়ার-কামিজ পরনে রাণি রেগমের মৃতদেহ পাওয়া যায় গুলশান-২ এর ৪৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির সামনে।

গুলশান থানার উপ-পরিদর্শক ফারুক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে এক অজ্ঞাত নারীকে রক্তাক্ত অবস্থায় অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

“তার শরীরের বাম ঠিকটা ছিল থেতলানো, মুখে রক্তের ছোপ ছোপ দাগ থাকায় মনে হয়েছিল তিনি সড়ক দুর্ঘটনার শিকার। তার মুখে হালকা মেকাপ ছিল।”

শাহনাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি আমার বড় বোন রাণি বেগমের। শুক্রবার রাত ৮টায় বাসা থেকে বের হয়েছিলেন রাণি।

“মেয়েকে আমার কাছে রেখে কাজ আছে বলে বের হয়। রাতে বাসায় না ফেরায় সকালের দিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে গুলশান থানায় যাই। সেখানেই একজন মহিলা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জানতে পেরে হাসপাতালের মর্গে এসে বোনকে মৃত অবস্থায় পাই।”

ময়না তদন্তের পর হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানিয়েছেন, গুলিতেই ওই নারী মারা গেছেন তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে।

পুরনো খবর:

গুলশানে পাওয়া অজ্ঞাত নারীর মৃতদেহে মিলল গুলি