২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে পাওয়া অজ্ঞাত নারীর মৃতদেহে মিলল গুলি

পুলিশের সুরতহাল প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহের ময়না তদন্ত করে দুটি গুলি বের করার কথা জানিয়েছেন চিকিৎকসক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 06:55 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ময়না তদন্তে বাম স্তন ও ফুসফুস থেকে দুটি গুলি বের করা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানিয়েছেন।

তিনি বলেন, “গুলিতেই ওই নারী মারা গেছেন তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে। দুইটি গুলি ব্যালাস্টিক পরীক্ষার জন্য পুলিশকে দেওয়া হবে।”

শুক্রবার রাতে হলুদ রঙয়ের সালোয়ার-কামিজ পরনে ওই নারীর মৃতদেহ পাওয়া যায় গুলশান ২ এর ৪৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির সামনে।

গুলশান থানার উপ-পরিদর্শক ফারুক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে এক অজ্ঞাত নারীকে রক্তাক্ত অবস্থায় অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

“তার শরীরের বাম ঠিকটা ছিল থেতলানো, মুখে রক্তের ছোপ ছোপ দাগ থাকায় মনে হয়েছিল তিনি সড়ক দুর্ঘটনার শিকার। তার মুখে হালকা মেকাপ ছিল।”

এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, “কেউ মামলা না করলে পুলিশ নিজেই হত্যা মামলা করবে।”