সংস্কৃতির নানা আয়োজনে মুখর রাজধানী
গ্রন্থপ্রকাশ, বইপড়া কর্মসূচি, আর চিত্রকলার নানা প্রদর্শনীতে ছুটির দিনে মুখর ছিল রাজধানী ঢাকা। চলমান নানা উৎসবেও বিনোদনের খোরাক নিতে ভিড় জমিয়েছিলেন নগরবাসী।
ক্যানভাসে ‘রুচির দুর্ভিক্ষ’
সভ্যতার অগ্রগতিতে ক্ষমতালোভী মানুষ মোহান্ধ হয়ে ক্রমেই ধ্বংস করছে প্রকৃতি। নষ্ট হচ্ছে প্রকৃতি, পরিবেশ হারাচ্ছে ভারসাম্য। ইট কাঠের জঞ্জালে ক্রমেই হারাচ্ছে সবুজ। সভ্যতার এই চিরায়ত চিত্রকে শিল্পী সামিনা নাফিজ দেখছেন ‘রুচির দুর্ভিক্ষ’ হিসেবে।
ক্যানভাস জুড়ে পাঁচ খণ্ডে ‘হ য ব র ল’ এক অবস্থা তৈরির মাধ্যমে সামিনা ফুটিয়ে তুলতে চেয়েছেন ‘রুচির দুর্ভিক্ষ’কে। তার আঁকা নানা মাধ্যমের ছবি নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে ‘কোয়েস্ট ফর ট্রুথ অ্যান্ড বিউটি’ শিরোনামের প্রদর্শনী।
শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ এই চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে তেলরং, জলরং, উডকাট, মিশ্র মাধ্যমে কোলাজ পদ্ধতিতে করা ৭২টি ছবি রয়েছে। শিল্পীর কাজে উজ্জ্বল বর্ণ এবং অলঙ্কারধর্মিতা প্রাধান্য পেয়েছে। লোকজ শিল্পের নানা অনুষঙ্গ- রঙিন পাখা, শোলার বাঘ, মাটির পুতুল, পাখি, শখের হাড়ি, মুখোশ ইত্যাদি বিষয়গুলোও উঠে এসেছে সামিনার ক্যানভাসে।
তার ছবির পাশাপাশি গ্যালারিতে ঠাঁই পেয়েছে শিল্পী সুবোধ কুমার পাল, তপন মালাকারের তৈরি বাহারি মুখোশ। ঠাঁই পেয়েছে শংকর মালাকার, শিল্পী গোপেন্দ্রনাথ চক্রবর্তীর তৈরি মাটির পাখি।
প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা অবধি খোলা থাকবে গ্যালারির দরজা।
গ্যালারি কায়ায় ‘ছাপাই চিত্র ৩’
বাংলাদেশে নয়জন এবং কলকাতার একজনসহ মোট দশজন শিল্পীর ছাপাই ছবি নিয়ে গ্যালারি কায়ায় শুরু হয়েছে ‘ছাপাই ছবি ৩’ শীর্ষক প্রদর্শনী।
শুক্রবার বিকালে যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী ও শিল্প সমালোচক রবিউল হুসাইন।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন মুর্তজা বশীর, মনিরুল ইসলাম, রফিকুন নবী, রতন মজুমদার, রোকেয়া সুলতানা, ওয়াকিলুর রহমান, অতিন বসাক, রাবেয়া আহমেদ হলি, মোয়াজ্জেম হোসেন ও রাশিদা আক্তার।
প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
আলিয়ঁস ফ্রঁসেজে ‘অনন্ত যাত্রা’
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীর ‘অনন্ত যাত্রা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। নয় দিনব্যাপী এ প্রদর্শনীতে ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রাচ্যরীতি মূলত জলরংয়ের ওয়াস পদ্ধতির ছবি, যার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রাচ্যকলার সাথে মোঘল চিত্রকলার একটি সমন্বয় রয়েছে। পরবর্তীতে এই মাধ্যমটি সক্রিয় একটি রীতিতে আত্মপ্রকাশ করে বাংলাদেশে। প্রাচ্যকলাই এই রীতিকে বাপ্পী উপস্থাপন করেছেন তার ক্যানভাসে।
বাপ্পী বলেন, “প্রথম দিকে চিত্রকর্মে প্রাচ্যরীতির পরম্পরা রক্ষা করে মানুষ, প্রকৃতি,পশুপাখি ও প্রকৃতির বিভিন্ন রূপ নিয়ে কাজ করতাম। পরে প্রাচ্যশিল্প ও বাস্তববাদী শৈলীর সংমিশ্রন ঘটিয়ে নতুন এক রূপ নিয়ে কাজ করতে শুরু করেছি। আর তার সাথে কখনও যোগ করছি ইউরোপীয় ধারা।”
‘অনন্ত যাত্রা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীরা
প্রদর্শনীটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।
বই পড়ে বই উপহার পেল খুদে শিক্ষার্থীরা
শুক্রবার রাজধানীর সোহারওয়াদী উদ্যান মাঠে শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসব।
শুক্রবার সকালে প্রথম পর্বে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৯৯৪ জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে পুরস্কার গ্রহণ করেছে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮৪৭ জন ছাত্রছাত্রী।
পুরস্কার বিতরণী উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৩টায় ঢাকা মহানগরীর আরও ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮৫৭ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে দেশভিত্তিক ‘উৎকর্ষ কার্যক্রমের’ আওতায় ঢাকা মহানগরীর ১১১টি স্কুলের ৫ হাজার ৬৯৮ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেওয়া হচ্ছে তিনটি পর্বে। শুক্রবার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কথাশিল্পী ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা খায়রুল আলম সবুজ।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, “যদি তোমার সবাই বই পড়ো, তাহলে বাংলাশেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।”
আসমা কিবরিয়ার বই ‘শুধুই স্মৃতি নয়’
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে ‘কোয়েস্ট ফর ট্রুথ অ্যান্ড বিউটি’ শিরোনামের প্রদর্শনী।
শুক্রবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে হয়ে গেল বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। লেখিকার জীবদ্দশায় এই বইটি প্রকাশ করা না গেলেও কিবরিয়া দম্পতির মেয়ে নাজলী কিবরিয়ার উদ্যোগে বইটি প্রকাশ করে পারিজাত প্রকাশনী।
ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তারানা হালিম বলেন, “আসমা কিবরিয়া ছিলেন আমার খালা। তিনি আমাদের উপর ছায়ার মতো ছিলেন। একজন রাজনীতিবিদের স্ত্রী হয়েও তিনি ছিলেন একজন নিপুণ শিল্পী।”
“শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়া ছিলেন খুবই সুখী দম্পতি। আদর্শ সুখী দম্পতির রোল মডেল ছিলেন তারা।”
এসময় তিনি শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকারীর দ্রুত বিচার দাবি করেন।
ড. নাজলী কিবরিয়া বলেন, “বারো বছর আগের আজকের এই দিনে বাবাকে নৃশংস গ্রেনেড হামলায় হত্যা করা হয়। এবার মায়ের এই বই প্রকাশে মনে কিছুটা শান্তি পেলাম। মৃত্যুর বছর দেড়েক আগে মা এই বইটি লেখার চিন্তা করেন, কিন্তু বইটি তিনি শেষ করে যেতে পারেননি।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পাঠানো একটি শুভেচ্ছা বাণী পাঠ করে শোনানো হয়।
১২৮ পৃষ্ঠার এ বইটির দাম ২৫০ টাকা। বইটি প্রকাশ করেছে পারিজাত প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল।
