২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে দোতলা খুপড়ি!

ফুটপাতের ওপর ছয় ফুট লম্বা ছোট্ট একটি খুপড়ি; তাতেই দুই তলার তিনটি ঘরে গাদাগাদি করে থাকছেন জনাদশেক পরিচ্ছন্নতাকর্মী।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 09:57 AM

Updated : 11 Oct 2022, 01:23 PM

কংক্রিটের দেয়ালকে সম্বল করে কাঠ আর হার্ডওয়্যার দিয়ে বানানো এই খুপড়ির পাশেই ডাস্টবিন; রিকশা গ্যারেজের আড়ালে থাকায় সহজে চোখেও পড়ে না।

পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলের সামনেই আহসানউল্লাহ সড়কে দেখা মিলবে এ দোতলা খুপড়ির। যার ঘরগুলোর দৈর্ঘ্য এতটাই ছোট যে একসঙ্গে সবার নড়াচড়া করতেও কষ্ট হয়; উচ্চতার কারণে হাঁটু না মুড়িয়ে ঢোকা বা বের হওয়াও অসম্ভব।

বছর পাঁচেক আগে দক্ষিণ সিটি করপোরেশনের স্থায়ী পরিচ্ছন্নতা কর্মী আনোয়ার হোসেন খুপড়িটি বানিয়েছিলেন। তিনি না থাকলেও তার অধীনস্ত সহকর্মীরা এখানেই ‘কষ্টে সৃষ্টে’ কাটিয়ে দিচ্ছেন শীত-গ্রীষ্ম-বর্ষা।

বাসিন্দারা বলছেন, মাস শেষে যে টাকা পান তা দিয়ে অন্য কোথাও থাকার সুযোগ না মেলায় বিকল্পের কথা ভাবতে পারছেন না তারা।

কষ্ট হলেও এ ‘থাকতে পারার নিশ্চয়তা’ অন্য অনেক সমস্যা থেকে মুক্তি দিয়েছে তাদের।

“যে ট্যাকা পাই, তা দিয়া ভাড়া বাসায় থাকলে না খায়া থাকতে হইবো,” বলেন খুপড়ির বাসিন্দা মুস্তাক।

বছরের পর বছর ধরে এখানে থাকতে কেউ বাধা দিচ্ছে না বলেও জানান তিনি।

“আমাগো কেউ কিছু কয় না, আমরা আমাগো মতো থাকি। এইহানেই আমরা কাজ করি। ময়লা আইনা রাখি, সাফ করি; আবার কাজ শ্যাষ হইলে এই হানেই থাকি,” এভাবেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জনাদশের ছিন্নমূল মানুষ একে অপরের ঘনিষ্ঠ হয়েছেন বলে জানান তিনি।

পাঁচ বছর ধরে থাকা রবিউল জানান, খুপড়ির উপরের দুই কক্ষে সাতজন আর নিচের একটি কক্ষে তিনজন থাকেন; বাকিটাতে বেলচা, ঝুড়ি, বাক্সসহ ময়লা সংগ্রহের সরঞ্জাম রাখা হয়।

দম বন্ধ পরিবেশ, দুর্গন্ধ আর গাদাগাদি করে বসবাস এরকম নানা সীমাবদ্ধতার মধ্যেও অসুখী নন তারা, জানান আরেক বাসিন্দা রতন।

“নড়াচড়া করতে কিছুটা সমস্যা হয়। একটুখানি জায়গায় চারজনকে খুব চাপাচাপি করে ঘুমাতে হয়। শীতকালে অবশ্য ভালই লাগে,” বলেন তিনি।