জঙ্গিদের স্বজনদের দিকেও নজর রাখার নির্দেশ আইজিপির
জঙ্গিদের পাশাপাশি তাদের আত্মীয়-স্বজনদের বিষয়েও খোঁজ-খবর রাখতে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক শহীদুল হক।
জঙ্গি দমন কার্যক্রমে কমিউনিটি পুলিশকে ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।
পুলিশ সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন আইজিপি।
তিনি বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংকে কাজে লাগাতে হবে। জঙ্গিদের তথ্য সংগ্রহ করতে হবে। তাদের আত্মীয়-স্বজনদেরও হালনাগাদ তথ্য রাখতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। সমাজ থেকে জঙ্গি নির্মূল করতে হবে।”
মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের ‘সঠিক’ ব্যাখ্যা তুলে ধরার পরামর্শ দেন শহীদুল হক।
জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা- মন্তব্য করে তিনি বলেন, “এটি কোনো একক দেশের সমস্যা নয়। সম্প্রতি বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে অভূতপূর্ব সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। দেশে এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।”
মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, “মাদক বহনকারীকে আটক করলেই হবে না, পেছনের ‘গডফাদারকে’ খুঁজতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করতে হবে।”
মাদকবিরোধী প্রচারণা জোরদারে ‘কমিউনিটি পুলিশিংয়ের’ মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।
“যারা মাদকাসক্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসন করতে হবে,” বলেন আইজিপি।
এনজিও ও সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম জঙ্গি দমন সংক্রান্ত কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে সিআইডি ও এসবির সঙ্গে বিশেষ সভা করেন আইজিপি।
‘অপরাধ কমেছে’
অনুষ্ঠানে সিআইডির উপস্থাপন করা একটি প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় ২০১৬ সালে দেশে অপরাধ কর্মকাণ্ডের সংখ্যা কমেছে।
এতে বলা হয়, ২০১৫ সালে ডাকাতি মামলা ছিল ৪৯১টি, ২০১৬ সালে কমে হয়েছে ৪০৮টি; দস্যুতা মামলা ২০১৫ সালে ছিল ৯৩৩টি, ২০১৬ সালে কমে হয়েছে ৭২২টি; সিঁধেল চুরি মামলা ২০১৫ সালে ছিল ২৪৯৭টি, ২০১৬ সালে কমে হয়েছে ২২১৩টি; চুরি মামলা ২০১৫ সালে ছিল ৬৮১৯টি, ২০১৬ সালে তা কমে হয়েছে ৬১১০টি “
২০১৫ সালে খুনের মামলা ৩ হাজার ৯৯৯টির জায়গায় এ বছর তা কমে ৩ হাজার ৫৫২টিতে দাঁড়িয়েছে, দাঙ্গাসহ হত্যা মামলা ২০১৫ সালের ৩৭টির জায়গায় এবার হয়েছে ১৯টি, নারী নির্যাতন মামলা ২০১৫ সালের ১৯ হাজার ৪৮৬টির জায়গায় ২০১৬ সালে কমে হয়েছে ১৬ হাজার ৭৩০টি; শিশু নির্যাতন মামলা ২০১৫ সালে হয় ১৭ হাজার ২৭টি, সেখানে ২০১৬ সালে হয়েছে ১ হাজার ৭১২টি; অপহরণ ও পাচার মামলা ২০১৫ সালে হয় ৮০২টি, এবার তা হয়েছে ৬৩৯টি।
তবে অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাচালান উদ্ধার মামলা আগের বছরের তুলনায় ২০১৬ সালে বেড়েছে বলে জানিয়েছে সিআইডি।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
