২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের হাই কমিশনারকে তলব

পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে তলব করে তাদের দেশে বাংলাদেশের সব মিশনে নিরাপত্তা জোরদারের তাগাদা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন সিদ্দিকী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার, করাচিতে ডেপুটি হাই কমিশনার এবং তাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয় পাকিস্তানের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে বলা হয়েছে।

দূতাবাস যে দেশে সেই দেশেরই যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে কূটনৈতিক মিশনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব, তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের হাই কমিশনারকে।

কী কারণে হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা নিয়ে বলতে হল তা স্পষ্ট করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশের একজন কূটনীতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার করাচি মিশনের সীমানা প্রাচীর ঘেঁষে একটি ‘পটকা’ ফাটানো হয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এটা খুব শক্তিশালী কিছু ছিল না। তবে আমরা স্থানীয় পুলিশ এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি।”

বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে ইসলামাবাদ। জবাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইসলামাবাদকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।