২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপি পদে নারীকে দেখতে চান চুমকি

পুলিশে নারীদের সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি এই বাহিনীর শীর্ষ পদে একজন নারী কর্মকর্তাকে দেখতে চেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 06:29 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে প্রতিমন্ত্রী চুমকি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই তুলনায় বাংলাদেশ পুলিশে নারীর সংখ্যা খুবই অপ্রতুল।

“পুলিশে নারীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। বাংলাদেশ পুলিশের প্রধান আইজি হিসেবেও একজন নারীকে দেখতে চাই।”

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খাঁন বলেন, “দিন দিন বাংলাদেশ পুলিশে নারীর অংশগ্রহণ বাড়ছে, যা অত্যন্ত ভালো দিক।

“বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের নারী পুলিশ কর্মরত রয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এজন্য ইউএন উইমেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্লানেট ফিফটি-ফিফটি পদকে ভূষিত করেছে।”

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শামসুন নাহর সমাবেশে সভাপতিত্ব করেন।