২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটিতে রাজনৈতিক নেতা প্রত্যাশা করি না: কাদের

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 04:22 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার সোনারগাঁও হোটলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে কোনো নাম প্রস্তাব করিনি, কাকে কাকে মনোনয়ন দেবেন তা একান্ত রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা একটা বিষয় বলেছি- আমরা কোনো নাম দিচ্ছি না, এটাও প্রত্যাশা করছি না- দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে, এটা আমরা প্রত্যাশা করি না এবং কোনো দলেরই করা উচিত নয়।”

নতুন নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর সারসংক্ষেপ তৈরি করে বুধবার তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিটির অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারও সার্চ কমিটি গঠনের পর মন্ত্রিপরিষদ বিভাগ এর সাচিবিক দায়িত্ব পালন করবে।

সার্চ কমিটি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন, “সার্চ কমিটি নিয়ে আমি কিভাবে কমেন্ট করি? আমি এর কোন পার্ট না।”

তিনি বলেন, “সার্চ কমিটি করতে মহামান্য রাষ্ট্রপতি (নিবন্ধিত) ২৩টিসহ অন্যান্য দলের সাথে সংলাপ করেছেন, সংলাপ শেষে যেহেতু এখন এ সময়ে আইন করার সুযোগ অনুপস্থিত, সেক্ষেত্রে সার্চ কমিটি করবেন, এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

“আমি যতটা শুনেছি সার্চ কমিটি করতে তিনি (চিঠি) কেবিনেটে পাঠিয়েছেন। এখন কেবিনেট কখন এটা প্রকাশ করবে সেটাও কেবিনেটের বিষয়। এটি এখন রাষ্ট্রপতি, বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগের বিষয়, এখানে দলীয়ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার কোনো ভূমিকা নেই।”

কাজী রকিব নেতৃত্বাধীন সেই ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে। এরপর পাঁচ বছর মেয়াদী অনধিক পাঁচজন নিয়ে নতুন ইসি গঠন করতে হবে রাষ্ট্রপতির।

আইন না হওয়ায় এবারও একই পদ্ধতিতে ইসি গঠন করতে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এলক্ষ‌্যে তিনি সংলাপ করেছেন এবং রাজনৈতিক দলগুলো আশা করছে যে তিনি একটি গ্রহণযোগ‌্য ইসি গঠন করবেন।

গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপ শুরু করেন আবদুল হামিদ। একমাস ধরে ৩১টি দলের সঙ্গে চলা ওই সংলাপ ১৮ জানুয়ারি শেষ হয়।

পুরনো খবর:

৬ সদস্যের সার্চ কমিটি করতে চিঠি