২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকার বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ

উচ্ছেদের প্রতিবাদে বের করা হকারদের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ করেছেন হকার্স ইউনিয়নের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

মঙ্গলবার পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ অভিযোগ করেন তারা।

সমাবেশে হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ বলেন, “আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বায়তুল মোকাররম লিংক রোডে; কিন্তু পুলিশি বাধায় সেখানে করতে পারিনি।”

দৈনিক বাংলা-ফকিরেরপুল-নয়াপল্টন-কাকরাইল ও বিজয় নগর যাওয়ার কথা থাকলেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।

সেকেন্দার হায়াৎ বলেন, মিছিল গুলিস্তানের দিকে যেতে চাইলে রাষ্ট্রপতির কর্মসূচির কথা বলে পুলিশ সেখানেও আটকে দেয়, পরবর্তীতে প্রেস ক্লাবের রাস্তাও আটকে দেয়।

পরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন হকাররা।

সমাবেশে সেকেন্দার হায়াৎ বলেন, “উচ্ছেদের কারণে আমরা হকাররা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছি। উচ্ছেদের প্রতিবাদে আমরা আন্দোলন অব্যাহত রাখব।”

‘এই বিপদের সময়ে’ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশেম কবীর বলেন, “যত বাধা এবং নির্যাতন চালানো হোক না কেন, দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না।”

বুধবার বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান সেকেন্দার হায়াৎ।

হকার নেত্রী মল্লিকা বেগম বলেন, “পরিবার পরিজন নিয়ে আমরা অনাহারে আছি, অবিলম্বে আমাদের বসতে দেন।”

সমাবেশে অন্যদের মধ্যে হকার্স ইউনিয়ন নেতা শফিকুর রহমান বাবুল, জসিম উদ্দিন, আলী আহম্মেদ, আব্দুস শহীদ, গোলাপ ও মো. হানিফ বক্তব্য দেন।

‘উচ্ছেদে নিয়ে সাংসদদের সঙ্গে আলাপ হয়নি মেয়রের’

এদিকে বিকালে স্থানীয় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে স্মারকলিপি দিয়েছে হকার্স ইউনিয়ন।

হকার্স ইউনিয়নের আহ্বায় আব্দুল হাশেম কবীরের নেতৃত্বে নেতাকর্মীরা তোপখানা রোডে ওয়াকার্স পার্টি কার্যালয়ের সামনে গিয়ে এ স্মারকলিপি দেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রী মেননকে উদ্বৃত করে বলা হয়, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হকার উচ্ছেদের বিষয় ঢাকা মহানগরের সাংসদদের সাথে কোন আলোচনা করেননি, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরও জানেন না।”

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের পরিকল্পনা সরকারের নেই বলে মন্ত্রীকে উদ্ধৃত করে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

এসময় মেনন হকারদের ফুটপাথ ব্যতিরেকে রাস্তায় বসার বিরোধিতা করেন এবং ফুটপাতের কতটুকু অংশ হকারদের বরাদ্দ দেওয়া যায় সে বিষয় সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

পুরনো খবর:

উচ্ছেদের ফল ভালো হবে না, মেয়রকে হুঁশিয়ারি হকারদের
রাস্তা-ফুটপাতে আর হকার বসবে না: মেয়র খোকন
গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ
বিক্ষোভের মধ্যে গুলিস্তানে হকার উচ্ছেদ