রাস্তা-ফুটপাতে আর হকার বসবে না: মেয়র খোকন
রাজধানীর রাস্তায় আর হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোজায় গুলিস্তান এলাকার যানজট পরিস্থিতি দেখতে গিয়ে তিনি বলেছেন, ধীরে ধীরে ফুটপাত থেকেও হকার তুলে দেওয়া হবে।
ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান এলাকা পরিদর্শনে যান মেয়র খোকন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “হকারদের কারণে গুলিস্তান এলাকায় মানুষের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা এটা খালি করেছি। হকারদের আর বসতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের চিন্তাভাবনা করা হচ্ছে।”
হকার যেন আর রাস্তায় বসতে না পারে সেজন্য গোলাপশাহ মাজার থেকে পাতাল মার্কেট পর্যন্ত সড়কে গাড়ি চলাচলের প্রবাহ বাড়াতে হবে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ।
তিনি বলেন, “এখানে গাড়ি না চললে হকাররা তো বসবেই। তাই গাড়ির প্রবাহ বাড়ানোর ব্যবস্থা করা দরকার।”
কিছু পুলিশ সদস্যের কারণে হকাররা বসার সুযোগ পায়, সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সব পেশায় কিছু কিছু খারাপ লোক থাকে। তাদের দায়িত্ব পুরো পুলিশ বিভাগ নেবে না।
রমজানে যানজট বিষয়ে তিনি বলেন, “ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। বৃষ্টিপাতের কারণে রাস্তা ভেঙে গেছে। ইফতারের আগে সবাই একসাথে বাসায় ফিরতে চাচ্ছে। এসব কারণে কিছু যানজট হয়।
“আমরা হয় তো সুপারসনিক গতিতে যানজট ঠিক করে দিতে পারব না। কিন্তু অল্প গতিতে হলেও রাস্তায় গাড়ি চলতে পারবে। আমরা চেষ্টা করছি।”
