সেই জুনায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র
ধানমণ্ডি লেকের পাড়ে এক কিশোরকে মারধরের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে আলোচনা আসা তরুণ জুনায়েদ ও তার এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে আইসিটি আইনে একটি এবং মরধরের অভিযোগে দণ্ডবিধি আইনে আরেকটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর আসামি জুনায়েদের বন্ধু রিজভী।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার এসআই নুরুল হক মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন। পরে মহানগর হাকিম স্নিগ্ধা রানীর আদালতে সেগুলো উপস্থাপন করা হয়।
গত বছর মার্চে ধানমন্ডি লেকের পাড়ে এক কিশোরকে জুনায়েদের বেপরোয়াভাবে মারধরের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে আলোচিত হয়।
এ ঘটনায় ১৪ মার্চ রাতে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন নুরুল্লাহ। ছয় দিন পর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন জুনায়েদ। পরে দুই দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এ ঘটনায় কাছাকাছি সময় তার বন্ধু রিজভীকেও রিমান্ডে পাঠায় আদালত।
