২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন করে ওরশের আমন্ত্রণ কুতুববাগের

নগর কর্তৃপক্ষের পরামর্শে বার্ষিক কর্মসূচি ‘ওরশে’ কাটছাট করার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে রাজধানীর ফার্মগেইটের কুতুববাগ দরবার কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 11:49 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে ওরশের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দরবারের খাদেম মির্জা মাহবুব সুলতান বাচ্চু।

সূফিবাদের নতুন অনুসারী প্রবীণ সাংবাদিক রাহাত খান ও ফরায়েজী আজমল হোসেনসহ বেশ কয়েকজন ভক্ত সেখানে উপস্থিত ছিলেন।

অন্যান্য বছরের মতো এবারও ফার্মগেইটের আনোয়ারা পার্ককে কেন্দ্র করে কুতুববাগ দরবারের ওরশ হবে। আগামী ২৬ ও ২৭ জানুয়ারির দুই দিনের এই ভক্ত সম্মেলন উপলক্ষ ইতোমধ্যেই সম্মেলনস্থল ও এর সংলগ্ন এলাকাগুলো রঙিন তোরণ, বাহারি আলোকসজ্জা ও বিজলিবাতি দিয়ে সাজানো হয়েছে।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরামর্শে এবার বাহ্যিক সাজসজ্জায় কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক রাহাত খান বলেন, যারা একেশ্বরবাদে বিশ্বাস করেন তাদের আত্মার পরিশুদ্ধির জন্য একটা উপায় অবলম্বন করা প্রয়োজন। সেই উপলব্ধি থেকে তিনি সম্প্রতি এই মতবাদে যুক্ত হয়েছেন। এখানে অনেক অজানাকে জেনেছেন, আত্মার শান্তি খুঁজে পেয়েছেন।

সাংবাদিক সমাজ ও দেশবাসীকে ওরশে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “আপনাদের দাওয়াত দিচ্ছি, আসবেন। গতবার আমিও যেতে চাইনি, কিন্তু এবার ভুল ভেঙেছে, এবার যাব। এখানে কিছু একটা আছে, অনেকে ভাবতে পারেন রাহাত খান ফেঁসে গেছেন, ব্যাপারটি আসলে মোটেও ওই রকম নয়।”

সুলতান বাচ্চু বলেন, “বাংলাদেশসহ সারা বিশ্বে এই দরবারের ৬৭ লাখ অনুসারী রয়েছে। এবারের ওরশে সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। দেশবাসীকেও আমন্ত্রণ জানাচ্ছি।”

১৯৯০ সালের পর থেকে ঢাকার ফার্মগেইটে ইন্দিরা রোড ও খামারবাড়ির মাঝামাঝি আনোয়ারা পার্কে নারায়ণগঞ্জের বন্দর থানার কুতুববাগ দরবারের ওরশ হয়ে আসছে। এর আগে এই অনুষ্ঠানটি নারায়ণগঞ্জের বন্দর থানায় অবস্থিত কদমরসুল এলাকায় নিজস্ব স্থায়ী দরগায় অনুষ্ঠিত হচ্ছিল।

আগামী বছর থেকে পুনরায় নারায়ণগঞ্জেই ওরশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মির্জা মাহবুব সুলতান বাচ্চু।