২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে নারীর অবদান পুরুষের চেয়ে অনেকাংশে বড়: ইনু

মুক্তিযুদ্ধে নারীর অসামান্য বীরত্ব, আত্মত্যাগের নানা প্রেক্ষাপটকে তুলে ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে নারীর এই অবদানকে তিনি অনেকাংশে ‘পুরুষের চেয়েও বড়’ বলে মনে করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 11:45 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

সোমবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক বীরাঙ্গনার উপাখ্যান হিসেবে লেখক মাসুদ আহমেদ রচিত ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধে বাঙালি পুরুষেরা আত্মরক্ষা ও দেশরক্ষার দুই যুদ্ধ করেছেন; আর নারীরা করেছেন তিন যুদ্ধ। আত্মরক্ষা ও দেশরক্ষার সাথে তাদের ইজ্জত রক্ষার যুদ্ধও করতে হয়েছে।

“অনেক নারীকেই সব হারাতে হয়েছে, কিন্তু তারা আপোষ করেননি। সেই বীর নারীরা বীরমাতার সম্মানের পাত্র আর তাদের গর্ভের নিষ্পাপ শিশুরাও মমতার দাবিদার।”

যুদ্ধশিশুদের মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাসদ নেতা ইনু বলেন, “যুদ্ধশিশুরা লুকিয়ে থাকলে, সত্যিকার পাপিষ্ঠ হানাদরেরা প্রশ্রয় পাবে। তাই মাথা উঁচু করে দাঁড়াতে হবে তাদের।”

“মানুষ তার মায়ের পরিচয়েই বড় হতে পারে, ধর্মেও এতে কোনো বাধা নেই। মাসুদ আহমেদের এ উপন্যাস যুদ্ধশিশুদের পরিচয় ফিরে পেতে সহায়ক হবে।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। উপন্যাসের উপর আলোচনা করেন কবি মুহম্মদ নূরুল হুদা, বিটিভির সাবেক মহাপরিচালক নওয়াজেশ আলী খান।

এক বীরাঙ্গনা মা, তার ছেলের মর্মন্তুদ এক উপাখ্যান ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’। কথাসাহিত্যিক মাসুদ আহমেদের নতুন উপন্যাসে উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন নানা প্রেক্ষাপট আর মানবতাবিরোধী অপরাধ, ফুটে উঠেছে মাতৃত্বের মমতাময় এক গল্প।

Image
শিল্পকলার নাট্যশালায় গৌড়ীয় নৃত্যুনাট্যের পরিবেশনা

শিল্পকলার নাট্যশালায় গৌড়ীয় নৃত্যুনাট্যের পরিবেশনা

উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে, বীরাঙ্গনা, দেলজুয়ারা বেগমকে ঘিরে। লোকলজ্জার ভয়ে আত্মগোপন করা দেলজুয়ারার পুত্রসন্তানের ঠাঁই হয় এক সুইডিশ দম্পতির ঘরে। তার নাম রাখা হল পেনরোজ। পেনরোজ জানত না তার আত্মপরিচয়। কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে এসে পেনরোজকে জানানো হয় কে তার মা, তার দেশ কোথায়। পেনরোজ ছুটে আসে স্বভূমে, খুঁজতে থাকে তার মাকে।

মাসুদ আহমেদ বলেন, “শুধু বীরের রক্তস্রোত ও মাতার অশ্রুধারা নয়, অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীনতা; যাদের শুধু বীরাঙ্গনা খেতাব দিয়েই রাষ্ট্র দায়িত্ব্ পালন করেছিল কিন্তু তাদের ভেতরের রক্তক্ষরণ, সমাজে তাদের প্রতিষ্ঠার বিষয়ে তেমন খেয়াল করা হয়নি। এমনই এক বীরাঙ্গনা, দেলজুয়ারা বেগম।”

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত উপন্যাসটির মূল্য ২৫০ টাকা। ১২৮ পৃষ্ঠার বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

শিল্পকলার নাট্যশালায় মনোমুগ্ধকর গৌড়ীয় নৃত্য পরিবেশন

প্রাচীন বঙ্গের রাজধানী গৌড় থেকে উৎপত্তি হয় গৌড়ীয় নৃত্যের। বাঙালি ঐতিহ্যের সাক্ষ্যবহ এই নৃত্যকলার প্রদর্শনী হলো সোমবার সন্ধ্যায়। বিশেষ আঙ্গিকের এই নাচটির মুদ্রার সঙ্গে অভিব্যক্তির অনবদ্য প্রকাশে মুগ্ধ হলো রাজধানীর নৃত্যপ্রেমীরা।

চমৎকার এ পরিবেশনাটি উপস্থাপন করলেন কলকাতা থেকে ১৩ সদস্যের গৌড়ীয় নৃত্যভারতী নামের নৃত্যদল। নৃত্যনাট্যটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের রবীন্দ্র চেয়ার প্রফেসর মহুয়া মুখার্জী।  

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই পরিবেশনাটির আয়োজনে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র -আইজিসিসি।

মহুয়া মুখার্জী ৩০ বছরেরও বেশি সময় ধরে গৌড়ীয় নৃত্য নৃত্য নিয়ে গবেষণার পাশাপাশি মৃতপ্রায় এই নৃত্যধারাকে আবার সবার সামনে উপস্থাপন করেন। তার গবেষণা থেকে জানা যায়, প্রাচীন বাংলার গৌড় নামটি মূলত সেই সময়ের একটি ক্লাসিক্যাল নৃত্যধারা। গৌড়ীয় নৃত্য- নাটিকা, কবিতা, রং ও ছন্দের মেলবন্ধনে গড়া এক সার্বিক শিল্প মাধ্যম।

গৌড়ীয় নৃত্যভারতী দলটি নিয়মিত ভারতের প্রধান শহরগুলিতে বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ভারতের অসংখ্য নাচের অনুষ্ঠানে তাদের পারফর্মেন্সের পৃষ্ঠপোষকতা করছে।