২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলাই নেই, অথচ পরোয়ানায় গ্রেপ্তার হয়ে কারাবাস

ঢাকার আদালতের একটি পরোয়ানার কথা বলে নোয়াখালীর বেগমগঞ্জের উত্তর হাজিপুরের ক্ষুদ্র ব‌্যবসায়ী মাহবুবুর রহমানকে সম্প্রতি ধরে আনে পুলিশ।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 09:16 AM

Updated : 11 Apr 2022, 10:52 PM

তখন বলা হয়েছিল, ২০১১ সালে রাজধানীর তুরাগ থানায় দায়ের করা করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি তিনি।

গত ৬ ডিসেম্বর মাহবুবকে গ্রেপ্তারের পর ১২ ডিসেম্বরে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে হাজতি পরোয়ানাসহ ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় ।

এরপর ১৭ জানুয়ারি ঢাকার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন চেয়ে আবেদন করা হয়। এই আদালতের পরোয়ানার কথা বলেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

মাহবুবের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ও খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনের আবেদন উপস্থাপনের পর দেখা যায় ওই ক্রমিকের কোনো মামলাই এই আদালতে বিচারাধীন নেই।

বিচারক রেহেনা আক্তার বিষয়টি বুঝতে পেরে নির্দোষ মাহবুবকে ভুয়া অভিযোগ ও পরোয়ানার চক্কর থেকে মুক্তি দেন।

একই বিচারক গত বছরের ২ নভেম্বর ভুয়া পরোয়ানায় আটক চাঁদপুরের কচুয়ার দৌলতপুরের আকমত আলীকে মুক্তি দিয়েছিলেন।

আদালতের পেশকার হিমেল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আদালতের সিলের সঙ্গে এসব ভুয়া পরোয়ানার সিলের কোনো মিল নেই।”

এভাবে ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের ঘটনা প্রায়ই ধরা পড়েছে ঢাকার আদালতে।

দালালদের যোগসাজশে আদালত কর্মচারী ও পুলিশ সদস‌্যরা মিলে এসব করছে বলে অভিযোগ উঠলেও জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

কবিকে হয়রানি

২০১৩ সালের এপ্রিল মাসে কবি ও গবেষক আবদেল মাননানকে গ্রেপ্তারে একটি পরোয়ানা নিয়ে যায় পুলিশ।

মাননানের ভগ্নীপতি আব্দুল লতিফের পুরানা পল্টনের বাসায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক কাজী আবদুল্লাহ আল মাহমুদ ওই ফৌজদারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হন।

মাননান তখন বাসায় ছিলেন না। ওই এসআই মাননানের ফোন নম্বর নিয়ে কল করে থানায় যোগাযোগ করতে বলেন।

এরপর বার বার লতিফের বাসায় আরও কয়েকজন পুলিশ সদস্য মাননানকে গ্রেপ্তার করতে যান। মাননানের স্বজনরা পরোয়ানা দেখতে চাইলে তাও দেখানো হয়নি।

মাননান বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালে এসআই মাহমুদের কাছে পরোয়ানার মামলার নম্বর ও আদালতের নাম জানতে চাওয়া হয়।

টেলিফোনে ‘বলা যাবে না’ বলে প্রথমে এড়িয়ে যান ওই পুলিশ কর্মকর্তা। পরে জানান, মামলার নম্বর সিআর ৪১৮/২০১২, ঢাকার মেট্রোপলটান ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতের পরোয়ানা।

ওই আদালতের মামলার নিবন্ধন খাতা খুলে দেখা যায়, মামলাটি একটি যৌতুকের মামলা। আর আসামির মধ‌্যে আবদেল মাননান নামে কেউ নেই।

বিষয়টি তখন ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে জানানো হলে তিনি খোঁজ নিয়ে জানান, এটি একটি ভুয়া পরোয়না।

তখন ওই আদালতের পরোয়ানা জারিকারক মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরোয়ানায় ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের যে স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়েছে, তা জাল।

১৬ দিন কারাবাস কুমিল্লার কৃষকের

২০১০ সালে অপরাধী না হয়েও ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ১৬ দিন ধরে কারাগারে থাকতে হয়েছিল কুমিল্লার চান্দিনার সাকুচ গ্রামের কৃষক আবুল হাশেমকে।

হাশেমকে তার গ্রামের বাড়ি থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের ৬২/২০০২ নম্বর মামলায় গ্রেপ্তার করে চান্দিনা থানার পুলিশ কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠায়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকার কারাগারে।

আইনজীবী মো. হাবিবুর রহমান ঘটনাটি শুনে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে হাশেমের মুক্তির আবেদন করেন।

ভুয়া পরোয়ানার বিষয়টি ধরা পড়ার পর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব‌্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক হাশেমকে মুক্তি দেন।

তখন অনুসন্ধানে দেখা যায়, তেজগাঁও থানার ওই মামলাটি দুর্নীতি দমন ব্যুরোর (বিলুপ্ত) দায়ের করা একটি দুর্নীতির মামলা। এতে হাশেম নামে কোনো আসামি নেই।

আদালতে বিচারক রেজাউল ইসলাম আসামির কাঠগড়ায় থাকা হাশেমের হাতকড়া খুলে তাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বক্তব‌্য শুনেছিলেন।

হাশেমের মুক্তির আদেশে বিচারক বলেছিলেন, পরোয়ানায় ভুয়া সিল ব্যবহার করা হয়েছে। আদালতে মামলার রেজিস্ট্রি বইতে ওই ক্রমিকে কোনো মামলার অস্তিত্ব নেই।

তখন বিচারক আদালতের পাবলিক প্রসিকিউটরসহ উপস্থিত আইনজীবীদের ডেকে এরকম ঘটনার জন‌্য দায়ীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে বলেছিলেন।

জড়িত অনেকেই

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার হওয়া ব‌্যক্তিদের স্বজনরা প্রায় প্রতি সপ্তাহেই ঢাকার আদালতপাড়ার সাংবাদিকদের কার্যালয়ে এসে তাদের দুর্ভোগের কথা শুনিয়ে যায়।

দালাল, পুলিশ ও আদালত কর্মচারীদের সঙ্গে কিছু আইনজীবী ও মোহরারও এই অসৎ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।

আইনজীবী দুলাল মিত্র ও বেলাল হোসেন জসীম বলেন, এ রকম ঘটনা ‘শত শত’। হরহামেশাই ঘটে থাকে।

২০১২ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের উমেদার (মাস্টার রোলে ভাড়া করা কর্মচারী) মো. শাহজালাল একটি ভুয়া পরোয়ানার ঘটনায় ধরা পড়েছিলেন।

মুখ্য মহানগর হাকিম আদালতের জেনারেল প্রসিডিং (জেপি) শাখায় দণ্ডবিধির ৩০২ ধারার একটি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গিয়েছিলেন শাহজালাল। তখন জেপি শাখার কর্মকর্তাদের সন্দেহ হলে মুখ‌্য মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবুল আলমকে খবর দেওয়া হয়। তিনি নিশ্চিত হন যে গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া।

পরে নাজির মাহবুবুল আলম বাদী হয়ে উমেদারের শাহজালালের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। তাকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়।

ভুয়া পরোয়ানার বিষয়ে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ‌্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

ঢাকার আদালতপাড়ার অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী আমিনুল গণী টিটো বলেন, “ব্যক্তিগত শত্রুতার কারণে প্রতিশোধ হিসাবে অনেক সময় আদালতের অসৎ কর্মচারীদের সাহায্যে, আবার অনেক সময় আদালতের সিলমোহর নিজেরা বানিয়ে বিচারকের স্বাক্ষর জাল করে এ সব জাল ওয়ারেন্ট পাঠিয়ে দেওয়া হয় থানায়।”

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন মনে করেন, এখানে পুলিশের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

“পরোয়ানায় গ্রেপ্তারে অবশ্যই পুলিশকে সতর্ক থাকতে হবে। পরোয়ানা সঠিক কি না, তা যাচাই বাছাই করে দেখেই আসামিকে গ্রেপ্তার করতে হবে।”

ঢাকা আইনজীবী সমিতির সাবেক আরেক সভাপতি সানাউল্লাহ মিয়াও বলেন, “পুলিশের শুদ্ধতা জরুরি। যতদূর সম্ভব সতর্ক হলে এ ঘটনা কমে যাবে।”

এবিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, অসাধু এ সব লোকজনকে নিবৃত্ত করতে পারে পুলিশ। আর যে কোনো গ্রেপ্তারের আগে যাচাই করে নেওয়া উচিৎ যে পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র সঠিক আছে কি না।