২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ৩২

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেট থানায় পাল্টাপাল্টি মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2017, 10:43 PM

Updated : 19 Aug 2022, 03:32 PM

নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ঢাকা কলেজের ছাত্র গোপাল দাশ রোববার কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজুসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা করেছেন। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ‌্যে হামলার অভিযোগ আনা হয়েছে।

এর পর একই অভিযোগে শাহজালাল নামের আরেকজন ছাত্র কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়ার পক্ষের ১২ জনকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন।

দুই মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করে আাদালতে পাঠানো হয়। তাদের কারও রিমান্ড চাওয়া হয়নি।

গ্রেপ্তারদের কেউ ছাত্রলীগের কোনো পদে নেই বলে জানান ওসি।

আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজুর অনুসারীরা শনিবার রাতে একযোগে পাঁচটি ছাত্রাবাসে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনা ঘটে, পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মটরসাইকেল। উত্তর ছাত্রাবাসে ঘুমন্ত অবস্থায় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ছাত্রাবাসগুলোতে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে বেশ কিছু লাঠি, রাম দা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাজু ও হিরণসহ কলেজ শাখা ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।