কচুয়ার ইউএনওর মোবাইল কোর্ট চালানোর ক্ষমতা স্থগিত
চাঁদপুরের কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা এক মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
কর্তৃত্ব বহির্ভূতভাবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এক ব্যক্তিকে দণ্ড দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে এখতিয়ার বহির্ভূতভাবে সাজা দেওয়ার বিষয়ে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে এই সরকারি কর্মকর্তাকে আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করায় সোহরাব হোসেন নামে এক ব্যক্তিকে দণ্ড দেওয়ার ঘটনা নিয়ে হাই কোর্টের এই আদেশ হয়েছে।
গত বছরের ২১ অগাস্ট সোহরাবকে আটক করেন কচুয়া থানার এএসআই শাহাদাত হোসেন। এরপর ইউএনও আশরাফ মোবাইল কোর্ট বসিয়ে দুই বছরের কারাদণ্ড দেন আসামিকে।
সাজার বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করেন সোহরাব। গত ৬ সেপ্টেম্বর ওই আপিল খারিজ হয়। তখন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন তিনি। সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়।
এরপর সোহরাব হাই কোর্টে রিভিশন আবেদন করেন। ওই আবেদনে তিনি জামিনও চান।
গত ৩ জানুয়ারি হাই কোর্ট সোহরাবকে জামিন দেয়। পাশাপাশি কোন এখতিয়ার বলে তাকে এই সাজা দেওয়া হয়েছিল, ইউএনওর কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী রোববার হাই কোর্টে হাজির হন ইউএনও আশরাফ হোসেন। তিনি ব্যাখ্যা দাখিলের জন্য চার সপ্তাহ সময় চাইলে আদালত সময় মঞ্জুর করে ১৯ ফেব্রুয়ারি মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়।
“পাশাপাশি ওই সময় পর্যন্ত তার মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা স্থগিত করা হয়।”
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। ইউএনওর পক্ষে ছিলেন আইনজীবী সগীর আনোয়ার।
