২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জের সাঁওতালদের বিরুদ্ধে চার মামলায় ৭১ জনের জামিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালরা উচ্ছেদ হওয়ার আগে সেখানে তাদের বসতিস্থাপন নিয়ে চার মামলায় ৭১ জনকে ছয় সপ্তাহের আগাম আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2017, 08:08 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

এই আসামিদের মধ্যো অধিকাংশ সাঁওতাল হলেও কয়েকজন বাঙালি আছেন।

চার মামলায় পৃথক আটটি জামিন আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেব নাথের বেঞ্চ এই জামিন আদেশ দেয়।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ওবায়দুর রহমান, মাহজাবীন রব্বানী ও সামিউল আলম সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী সামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) গোবিন্দগঞ্জের সাঁওতালদের আইনি সহায়তা দিয়ে আসছে। জামিন আবেদনের জন্যন ৭১ জন আসামিই আদালতে এসেছিলেন। আদালত তাদের আগাম জামিন দিয়েছে।

তিনি জানান, গোবিন্দগঞ্জের খামার এলাকায় অবৈধভাবে বাড়িঘর তোলার অভিযোগে গত বছরের ৩ জুলাই ১২ জনকে আসামি করে মামলা করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল। এসব বাড়িঘর উচ্ছেদ করতে গেলে সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ তুলে ১২ জুলাই গোবিন্দগঞ্জ থানার এসআই মো. আখতারুজ্জামান আরেকটি মামলা করেন, যাতে ৩১ জনকে আসামি করা হয়।

এর পরের মাসেই ওই খামার এলাকায় পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ এনে এসআই আব্দুল গফুর ৩৬ জনকে আসামি করে মামলা করেন। আরেকটি মামলা হয় খামার এলাকায় পুকুর খননের সময় হামলার অভিযোগে। এ মামলায় আসামি করা হয় ৫১ জনকে।

সামিউল বলেন, চার মামলায় মোট ৭১ জনকে আসামি করা হয়। কেউ কেউ একাধিক মামলার আসামি।

গত ৬ নভেম্বর ওই জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন সাঁওতাল নিহত এবং অনেকে আহত হন।