অগ্রযাত্রায় সঙ্গী হতে আইসিটির শীর্ষ উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর
‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে লাখ লাখ তরুণের সম্পৃক্ততার কথা তুলে ধরে এই অগ্রযাত্রায় সঙ্গী হতে বিশ্বে তথ্য-প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বৃহস্পতিবার বিকালে জ্যাকবশর্ন এলাকায় শেরাটন হোটেলে এক আলোচনায় এ আহ্বান জানান তিনি।
‘ডিজিটাল লিডারস পলিসি মিটিং অন জবস’ শিরোনামের ওই আলোচনায় বিশেষ অতিথি হিসেবে প্যানেল আলোচক ছিলেন শেখ হাসিনা।
তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ২০০৯ সালে ক্ষমতায় এসে অনেক উন্নয়ন চ্যালেঞ্জ সত্ত্বেও ‘ডিজিটাল বাংলাদেশ’র লক্ষ্য নির্ধারণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের লাখ লাখ তরুণকে সর্বাধুনিক প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে আইসিটিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি।
“আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে জ্ঞান ও প্রযুক্তির ব্যবধান ঘোচানোর লক্ষ্য ছিল আমাদের।”
শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ ১০ থেকে ২৪ বছরের মধ্যে। আগামী অন্তত তিন দশক বাংলাদেশের তরুণ জনশক্তি থাকবে।
“আমাদের জনগণ যে কোনো কিছু সহজে গ্রহণ করে এবং আইসিটিসহ যে কোনো প্রযুক্তিকে খুব ভালোভাবে মানিয়ে নেয়। আজকে বিশ্বের দশম সর্বাধিক মোবাইল গ্রাহক বাংলাদেশের। ছয় কোটির বেশি মানুষ অনলাইনে, যাদের অধিকাংশই স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত।”
মানবসম্পদ উন্নয়ন, কার্যকরভাবে জটিল সেবা প্রদান এবং জ্ঞান-দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে যথাযথ সেতুবন্ধ তৈরির কৌশল নিয়ে তথ্য-প্রযুক্তি খাতে কাজ করছে সরকার।
‘আইসিটি ফর এডুকেশন’র ওপর গুরুত্ব দিয়ে শিক্ষায় তথ্য-প্রযুক্তি নিয়ে জাতীয় রূপরেখা প্রণয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল লার্নিং কনটেন্টের মধ্য দিয়ে শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য কার হচ্ছে।
প্রাথমিকেও ১৪ হাজারের মতো মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
‘টিচার্স পোর্টাল’ নামে অনন্য একটি সোশ্যাল প্লাটফর্মে বাংলাদেশের দেড় লাখের মতো শিক্ষকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে নয় লাখ শিক্ষকের সবাইকে এখানে আনার লক্ষ্যে কাজ চলছে। এর মধ্য দিয়ে তারা কনটেন্ট, সমস্যার সমাধানে নিজেদের ‘আইডিয়া’ বিনিময় করতে পারবে।
ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপথ’ গড়ে তুলতে কাজ চলার কথাও উল্লেখ করেন তিনি।
এখন কাজের ধরনের পরিবর্তন ও বাজার বিশ্লেষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণ ও সেবা খাতকে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এজন্য ভোকেশনাল ও কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তথ্য-প্রযুক্তির মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে যে সব দেশে সবচেয়ে বেশি আইটি ফ্রিল্যান্সার রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখন নারী আইটি ফ্রিল্যান্সার এবং ও প্রত্যন্ত এলাকায় এখাতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বেশি জোর দেওয়া হচ্ছে।
বক্তব্যে দেশজুড়ে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার গড়ে তোলার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এগুলো একটা নতুন অর্থনীতি সৃষ্টি করেছে। প্রতিমাসে এসব কেন্দ্র থেকে ৫০ লাখের বেশি সেবা দেওয়া হচ্ছে।
“২০১০ সালে থেকে এটা দরিদ্র জনগোষ্ঠীর ৫০ কোটি ডলারের বেশি খরচ বাঁচিয়েছে।”
তথ্য-প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের লাখ লাখ যুবকের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে আমরা যে কোনো প্রকার বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্যকে স্বাগত জানাব। নিশ্চিতভাবেই এতে উভয় পক্ষই লাভবান হবে।”
আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
