২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর বাড়ির বেইজমেন্টে ‘ব্রিটিশ নম্বরের’ বিএমডব্লিউ

ঢাকার বনানীতে এক বাড়ির বেইজমেন্ট থেকে ব্রিটিশ নম্বরসহ একটি বিএমডব্লিউ এক্স ফাইভ গাড়ি জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 01:32 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বুধবার রাতে বনানীর রোডের ২৫ নম্বর সড়কে ‘আকাশপ্রদীপ’ নামের একটি বাড়ির বেইজমেন্টে ওই গাড়িটি পাওয়া যায়।

গাড়িটিতে ‘অদ্ভুত নম্বর প্লেট’ ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগ পাওয়ার পর ওই বাড়িতে অভিযানে যান শুল্ক গোয়েন্দারা।

তারা জানান, কালো রঙের ওই গাড়িতে সাদা প্লেটে ব্রিটিশ নম্বর YF-05PVT এর আগে ঢাকা বসিয়ে নিয়ে সেটি ঢাকায় চালানো হাচ্ছিল।

শুল্ক গোয়েন্দা বিভাগের এক ফেইসবুক পোস্টে জানানো হয়, ফ্রেইট ফরোয়ার্ডিং ব্যবসায়ী মোহাম্মদ মুহসিন আলম ২০১১ সালে কারনেট সুবিধায় গাড়িটি আমদানি করেন। সে সময় কাগজপত্রে বলা হয়েছিল, এর মূল মালিক যুক্তরাজ‌্যের বাসিন্দা।

২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে পর্যটকদের বিশেষ সুবিধার সুযোগে (কার্নেট ডি প্যাসেজ) তিনশর বেশি বিলাসবহুল গাড়ি বাংলাদেশে আসে বলে এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন মইনুল খান।

এর মধ্যে অর্ধেক গাড়ি ফেরত গেলেও বাকিগুলো রয়ে গেছে, যার অনুসন্ধানে নেমে মাঝেমধ‌্যেই বিলাসবহুল বিভিন্ন গাড়ির খোঁজ পাচ্ছেন শুল্ক গোয়েন্দারা। 

আন্তর্জাতিক একটি সনদ অনুযায়ী যে সুবিধায় পর্যটকরা একটি দেশ থেকে অন্য দেশে শুল্ক না দিয়েই গাড়ি নিয়ে ঢুকতে পারেন, তাকেই ‘কার্নেট ডি প্যাসেজ’ বলা হয়। তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা পান পর্যটকরা। এর মধ‌্যে তাদের সংশ্লিষ্ট দেশের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়। নির্দিষ্ট সময় পর গাড়িটি ফেরত না গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী এর উপর শুল্ক আরোপ করা হয়।

এই সুবিধা নিয়ে বিএমডব্লিউ, পোরশে, রেঞ্জ রোভার, রোলস রয়েসের মতো বহু দামি গাড়ি বাংলাদেশে ঢোকে ২০০৯ থেকে ২০১২ সালের মধ‌্যে। ২০১৩ সালের পর বাংলাদেশে এ সুবিধা বন্ধ করে দেয়।

কার্নেট ডি প্যাসেজ সুবিধা ছাড়াও মিস ডিক্লারেশন (মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি) দিয়েও বিভিন্ন সময়ে বিলাসবহুল গাড়ি আমদানি করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দারা জানান।

তাদের ফেইসবুক পোস্টে বলা হয়, মোহাম্মদ মুহসিন আলম নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে আইনগত ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।