ওয়াশিকুর হত্যা: দুই কনস্টেবলের সাক্ষ্য
অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন কনস্টেবল আক্কাস আলী ও আব্দুস সাত্তার।
মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তারা সাক্ষ্য দেন।
পরে বিচারক এসএম জিয়াউর রহমান আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী দিন রাখেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার।
সালাউদ্দিন বলেন, “আক্কাস আলী ঘটনার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের কাপড় জব্দের সময় উপস্থিত থেকে জব্দ তালিকায় স্বাক্ষর করেন।”
তিনি জানান এ নিয়ে এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে নয়জনের সাক্ষ্য নেওয়া হলো।
আইনজীবী সালাউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে সাক্ষ্য গ্রহণের কয়েকটি তারিখ থাকলেও সাক্ষীরা অনুপস্থিত ছিলেন। আর বিচার শুরুর পর্যায় থেকেই মামলার বাদী অনুপস্থিত।”
এ আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মামলার বাদী ওয়াশিকুর বাবুর ভগ্নিপতি মো. মনির হোসেন মাসুদকে ‘খুঁজে পচ্ছে না পুলিশ’, এটি অবিশ্বাস্য ও অবাক করার মতো বিষয়।”
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার উত্তর হাজীপুর গ্রামে তার নামে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তিনি আদালতে আসছেন না।
এ বিষয়ে ওই থানা এবং জেলা পুলিশের প্রধানের বিরুদ্ধে এ আদালতে কৈফিয়ত তলবের আবেদন করবেন বলে জানান আইনজীবী সালাউদ্দিন।
এ মামলার অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে মোট ৪০ জনকে সাক্ষী রয়েছে। গতবছর ২৬ অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলার আসামি আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য আরিফুল ইসলাম, জিকরুল্লাহ, সাইফুল ইসলাম, জুনায়েদ ওরফে তাহের ও হাসিব ওরফে আব্দুল্লাহর মধ্যে প্রথম তিনজন আদালতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ৩০ মার্চ তেজগাঁওয়ে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর, যিনি ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে লিখতেন।
ওইদিন হত্যাকাণ্ডের পরপরই আরিফুল ও জিকরুল্লাহকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশে দেয় জনতা। আর হত্যাকাণ্ডের কয়েকদিন আগে সাইফুলকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে।
ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ ঘটনার দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ গতবছর ১ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয়।
