শাহজাজালালে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২০০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, কক্সবাজারের তৈয়বুর রহমান ও ফিরদাউস আহমেদ মঙ্গলবার ভোরে শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে বিমানবন্দরে আসেন।
“তারা লাগেজসহ ছয় নম্বর বেল্ট থেকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দিকে যাচ্ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে দুইজনের কাছে ১০০ কার্টন করে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়।”
‘বেনসন অ্যান্ড হেজেস’ এবং ‘৫৫৫’ ব্র্যান্ডের এসব সিগারেটের দাম শুল্কসহ প্রায় ১২ লাখ টাকা বলেও জানান তিনি।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায়না।
“সিগারেটের উপর আরোপিত উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) এড়ানোর জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে,” বলেন মইনুল খান।
