শিক্ষকদের কনসালটেন্সিতে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা: রাষ্ট্রপতি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্য প্রতিষ্ঠানে ‘কনসালটেন্সি’ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কারণে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বড় একটা অংশ কন্সালটেন্সি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোতে বেশি সময় দেন।
“এর ফলে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি গবেষণা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশ বঞ্চিত হচ্ছে নতুন নতুন আবিষ্কারের সুফল থেকে। শিক্ষকদের এই মানসিকতা বদলাতে হবে।”
উচ্চশিক্ষার প্রসারে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও এসবের অনেকগুলোতেই লেখাপড়ার সুযোগ-সুবিধা ও মান নিয়ে প্রশ্নের পাশাপাশি বাণিজ্য প্রাধান্য পায় বলে অভিযোগের প্রসঙ্গেও বলেন রাষ্ট্রপতি।
“উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য অনেকেরই নেই। বেশকিছু বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার সুযোগ-সুবিধা ও মান নিয়েও প্রশ্ন রয়েছে। এখানে শিক্ষার বদলে বাণিজ্যই প্রাধান্য পায়। শিক্ষা এখন অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে।”
স্কুল-কলেজে অনেক শিক্ষক যথাযথ পাঠদান না করায় শিক্ষার্থীরা বর্তমানে প্রাইভেট টিউটর বা কোচিং যেতে বাধ্য হচ্ছে বলেও মন্তব্য করেন আবদুল হামিদ।
“প্রাইভেট টিউটরের কাছে পড়া কিংবা কোচিং সেন্টারে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। অনেক শিক্ষকই শিক্ষা প্রতিষ্ঠানে যতটা না সময় ব্যয় করেন, তার চেয়ে বেশি সময় ব্যয় করেন প্রাইভেট টিউশনির পেছনে।”
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতির বিষয়টি তুলে ধরে অধিভুক্ত কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো গড়ে তোলার ওপর নজর দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, “শিক্ষার্থীকে বিকশিত করে তোলাই শিক্ষার কাজ। আর সেই কাজটি শিক্ষকদেরই করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতি সারা দেশজুড়ে।
সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের দেশ ও জাতির প্রতি দায়িত্ব স্মরণ করিয়ে দেন আবদুল হামিদ।
“মনে রাখতে হবে, তোমাদের এ পর্যায়ে নিয়ে আসতে সমাজ ও রাষ্ট্রসহ দেশের খেটে খাওয়া মানুষের অবদান রয়েছে। তোমরা তাদের কাছে ঋণী। তোমাদের অর্জিত জ্ঞান ও মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগতে পারলে সে ঋণ কিছুটা হলেও শোধ হবে বলে আমি মনে করি।
“সবসময় আত্মজিজ্ঞাসা রাখবে, বিবেক দিয়ে কাজ করবে। অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করবে না। দেশ ও জাতির স্বার্থকে অগ্রাধিকার দেবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।”
সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আটজন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য স্বর্ণপদক দেওয়া হয়।
১৯৯২ সালে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে গাজীপুরে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অধীনে বর্তমানে দুই হাজার ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন ।
