যৌন হয়রানি: আহসানউল্লাহ শিক্ষকের মামলার বাদীকে পরবর্তী জেরা ৯ ফেব্রুয়ারি
ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের বিরুদ্ধে করা মামলার বাদীকে পরবর্তী জেরার জন্য ৯ ফেব্রুয়ারি দিন রেখেছে ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজমের আদালতে বাদী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদদৌল্লাহ আল সায়েমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান মোল্লা।
এ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিপক্ষের আইনজীবীর জেরা শেষ না হওয়ায় আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন রাখেন বিচারক।
ফেরদৌসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত ২ জানুয়ারি থেকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসা শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ৩০ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
এরপর ৪ মে কলাবাগান থানায় যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদদৌল্লাহ আল সায়েম।
মামলার পর ওইদিন ভোরেই রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরে দুই দিনের রিমান্ড শেষে তিনি যৌন হয়রানির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীও গত ৫ মে ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেন।
গত ১৪ অগাস্ট তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আলাদা দুইটি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের এসআই আফরোজা আইরিন কলি।
২৮ জনকে সাক্ষী করে দেওয়া যৌন হয়রানির অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই বিচারক।
